এমবাপ্পেকে ধারে চায় লিভারপুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ | ১২:৫৩ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ | ১২:৫৩
কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ার খুব কাছে। চুক্তি নবায়ন না করায় তাকে বিক্রি করে দেবে কাতারি অর্থে চলা প্যারিসের ক্লাবটি। তাই ফরাসি তারকাকে নিয়ে সরগরম ফুটবল দলবদলের বাজার।
রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, চেলসি, ম্যানইউ ছাড়াও আছে এমবাপ্পেকে পেতে চায় সৌদি আরবের ক্লাব আল হিলাল। এবার সেই তালিকায় যোগ হলো ইংলিশ ক্লাব এফসি লিভারপুলের নাম। অলরেডরা এই ফরাসি তারকাকে নিতে আগ্রহ দেখিয়েছে।
ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ধারে এক বছরের জন্য এমবাপ্পেকে নিতে চায় লিভারপুল। এর আগেও বেশ কয়েকবার এমবাপ্পেকে নিয়ে আগ্রহ দেখিয়েছে ক্লাবটি। যদিও শেষমেশ তাকে দলে ভেড়ায়নি ইংলিশ ক্লাবটি।
লিভারপুলের এ প্রস্তাব মেনে নিলে এমবাপ্পকে নিয়ে আর্থিক ক্ষতির অঙ্ক কমাতে পারবে পিএসজি। এমবাপ্পে-পিএসজির উত্তপ্ত পরিস্থিতিতে লিভারপুলের এই ধারের প্রস্তাবকে সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে দেখছেন অনেকেই।
এতে প্রিমিয়ার লিগে এক মৌসুম ধারে খেলে এমবাপ্পেও তার পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদে যেতে পারবেন। তবে এ প্রস্তাবে এমবাপ্পে রাজি হবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।