বিপিএলে বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ, পরীক্ষা দিলেন আলিস
ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ | ১৩:৫৮
বিপিএলের চলতি আসরে চিটাগং কিংসের হয়ে দারুণ ফর্মে আছেন আলিস আল ইসলাম। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তবে তার বোলিং অ্যাকশন নিয়ে সম্প্রতি সন্দেহ উত্থাপিত হওয়ায় তাকে পরীক্ষা দিতে হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন আলিস। বিসিবির আম্পায়ার্স কমিটির সূত্রে জানা গেছে, পরীক্ষার ফলাফল আজ অথবা আগামীকাল প্রকাশ করা হতে পারে।
গত ১৯ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে ৩ ওভার বল করে কোনো উইকেট না পাওয়ার দিনই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রথম সন্দেহ প্রকাশ করা হয়। পরের ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি। এরপর গত বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার বোলিং নিয়ে ফের সন্দেহ ওঠে, যার ফলে তাকে পরীক্ষার জন্য পাঠানো হয়।
এটি অবশ্য আলিসের প্রথমবার নয়। ২০১৯ সালের বিপিএলে ঢাকা ডাইনামাইটসের হয়ে অভিষেক ম্যাচে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। সেই সময়ও তাকে পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল।
পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করছে আলিসের মাঠে ফেরার সম্ভাবনা। উত্তীর্ণ হলে তিনি চলমান বিপিএলে খেলা চালিয়ে যেতে পারবেন। তবে ব্যর্থ হলে আবারও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে এই ডানহাতি স্পিনারকে।
- বিষয় :
- বিপিএল
- আলিস আল ইসলাম