ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেয়েদের ফুটবল দিয়ে আজ পদকের মিশন শুরু

মেয়েদের ফুটবল দিয়ে আজ পদকের মিশন শুরু
×

ছবি- বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৪

ছয় মাস আগে অস্ট্রেলিয়ার সিডনিতে নারী এশিয়ান কাপে উত্তর কোরিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৫ গোলে হেরেছিলেন ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা। এশিয়ান গেমসে আবার যখন দুই দল মুখোমুখি, তখন ফিরে এসেছে সেই ম্যাচের স্মৃতি। তবে এশিয়ার মঞ্চে এবার সহজেই হারতে চায় না পিটার বাটলারের দল। ইতিবাচক ফুটবল খেলে প্রতিপক্ষকে চমকে দিতে চায় মেয়েরা। ওসাকার নাগাই স্টেডিয়ামে আজ উত্তর কোরিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি  শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।

মেয়েদের ফিফা র‍্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়ার অবস্থান ১১, আর বাংলাদেশ ১০৭তম। শুধু র‍্যাঙ্কিংয়েই নয়, মাঠের পারফরম্যান্সেও অনেক অগ্রগামী উত্তর কোরিয়া। তাদের সঙ্গে ম্যাচটি মেয়েরা উপভোগ করবে বলে গতকাল রোববার অনুষ্ঠিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশ কোচ বাটলার, ‘সবই ইতিবাচক এবং আমি মনে করি, দুর্ভাগ্যবশত স্টেডিয়ামটি পুরোপুরি ভর্তি থাকবে না, তবে আমার মনে হয় মেয়েরা এই মাঠে খেলা উপভোগ করবে এবং কোরিয়ার বিরুদ্ধে বুদ্ধি ও দক্ষতা পরীক্ষা করার সুযোগটি কাজে লাগাবে।’ 

কোরিয়া দলে বেশ কয়েকজন ফুটবলার আছেন, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বাটলার অবশ্য একক কোনো ফুটবলার নিয়ে ভাবছেন না, উত্তর কোরিয়ার পুরো দল নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন, ‘এক বা দুজন খেলোয়াড়ের ওপর মনোনিবেশ করা হবে বোকামি। আমার মনে হয়, পুরো দলের দিকে তাকানো উচিত এবং অভিজ্ঞতা থেকে আমি এটাই শিখেছি। যখন আপনি কোনো খেলোয়াড়কে মার্ক করার চেষ্টা করেন, তখন অন্যরা এসে আপনার জন্য সমস্যা তৈরি করে। তাদের দলে বেশ কিছু খুব ভালো খেলোয়াড় আছে।’

‘​আমাদের বিশেষ কোনো পরিকল্পনা নেই, তবে মূল পরিকল্পনা হলো নিজেদের সেরাটা দেওয়া এবং সততার সঙ্গে খেলা। কেউ হয়তো আমাদের জেতার সুযোগ বা আশা দেবে না, আর বাস্তবতাও হয়তো সেটাই।’ এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন বাটলার, ‘এটি মূলত শেখা, বিশ্বাসযোগ্যতা তৈরি করা এবং আগামীকাল একটি ইতিবাচক পারফরম্যান্স দেওয়ার বিষয়, যেখানে মেয়েরা অভিজ্ঞতা থেকে শিখতে পারবে। আপনি বাংলাদেশের ফুটবলকে কোরিয়ান ফুটবলের সঙ্গে তুলনা করতে পারেন না; কারণ এ দুটির মধ্যে অনেক বড় ব্যবধান রয়েছে।’

এশিয়ান গেমস ফুটবলের জন্য চীনে ১০ দিনের ক্যাম্প করে বাংলাদেশ দল। সেখানে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছে লাল-সবুজের দলটি। কিন্তু উত্তর কোরিয়ার মতো দলের বিপক্ষে খেলার আগে এই প্রস্তুতিটা কিছুই নয়। বাটলার অবশ্য সেই দিকে যেতে চান না। বরং প্রতিপক্ষের প্রতি সম্মান রেখেছেন তিনি। আর উত্তর কোরিয়ার বিপক্ষে খেলা একমাত্র ম্যাচ নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন ব্রিটিশ এ কোচ, ‘​আমরা উত্তর কোরিয়ার দলের বিরুদ্ধে খেলছি, যারা সত্যিই চমৎকার এবং অত্যন্ত মেধাবী খেলোয়াড়ে পূর্ণ। তারা আর্থিক ও অন্যান্য দিক থেকে বেশ শক্তিশালী। তাদের রেকর্ড এবং বছরের পর বছর ধরে ফুটবলের বিকাশ ও উন্নতির দিকে তাকালেই তা বোঝা যায়। তারা অত্যন্ত প্রশংসিত ও সম্মানিত একটি দল এবং তাদের কাজের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। ​আমরা গতবার এশিয়ান কাপে তাদের বিরুদ্ধে খেলেছিলাম এবং ৫-০ ব্যবধানে হেরেছিলাম। সেবার হয়তো খুব ভালো খেলতে পারিনি, তবে তরুণ মেয়েদের জন্য এটি দারুণ শেখার অভিজ্ঞতা ছিল।’

কোরিয়ার বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে না বাংলাদেশ। তাই তো ম্যাচের  ফলাফলের দিকে মন না দিয়ে ভালো খেলার প্রত্যয় বাটলারের, ‘আমার মনে হয়, প্রত্যাশাটা ফলাফলের চেয়ে মানসম্মত খেলার ওপর বেশি হওয়া উচিত। আমাদের বাস্তববাদী হতে হবে; কারণ আমাদের নিজস্ব কোনো লিগ নেই। যা আমরা আশা করি, সে বিষয়ে আমাদের সৎ এবং বাস্তবমুখী হতে হবে। ​আমরা যা চাই, তা হলো একটি সম্মানজনক ভালো পারফরম্যান্স এবং ইতিবাচক খেলা।’

আরও পড়ুন

×