ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের সূচির কারণে হাসানকে হারিয়ে হতাশ কেন্ট

জাতীয় দলের সূচির কারণে হাসানকে হারিয়ে হতাশ কেন্ট
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২৬

কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে থাকা হাসান মাহমুদকে মৌসুমের শেষ দুই ম্যাচে পাচ্ছে না কেন্ট। বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে হাসানকে আর ইংল্যান্ডে খেলার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে ডিভিশন ওয়ানে ওঠার লড়াইয়ে বড় ধাক্কা খেল কেন্ট।

কেন্টের হয়ে চারটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন হাসান। তার কার্যকর বোলিংয়ে ডিভিশন টু-এর পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি। ভাইটালিটি ব্লাস্টেও পেয়েছেন চার উইকেট।

ডিভিশন ওয়ানে ওঠার শেষ জায়গাটিতে থাকা নর্দাম্পটনশায়ারের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে কেন্ট। ইতোমধ্যে ডারহাম চ্যাম্পিয়ন হয়ে শীর্ষ বিভাগে ফেরার টিকিট নিশ্চিত করেছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে হাসানকে হারানোয় স্বাভাবিকভাবেই হতাশ কেন্ট।

সামনে ব্যস্ত আন্তর্জাতিক সূচি থাকায় হাসানের ওপর চাপ কমাতে চায় বিসিবি। ২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের হয়ে মাঠে নামার কথা তার। এরপর আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ এবং বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে তিন সংস্করণের সিরিজ রয়েছে।

হাসানকে না পাওয়ার সিদ্ধান্ত মেনে নিলেও হতাশা গোপন করেননি কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক। তিনি বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ লড়াইয়ে হাসানকে হারিয়ে আমরা হতাশ। তবে বিসিবির সঙ্গে গঠনমূলক আলোচনার পর নেওয়া সিদ্ধান্তকে আমরা সম্মান করি।’

কুক আরও বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও ভাইটালিটি ব্লাস্ট মিলিয়ে সাত ম্যাচে ৩০ উইকেট নেওয়া হাসানের অবদানের জন্য ক্লাবের সবাই তাকে ধন্যবাদ জানায়।’

হাসানের অনুপস্থিতিতে শেষ দুই ম্যাচে বিদেশি পেসার কিথ ডাজন ও খালেদ আহমেদকে নিয়ে মাঠে নামবে কেন্ট। মঙ্গলবার শুরু হতে যাওয়া ম্যাচে তাদের প্রতিপক্ষ তলানির দল ল্যাঙ্কাশায়ার। মৌসুমের শেষ ম্যাচে কেন্ট খেলবে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে। দুই ম্যাচই হবে কেন্টের ঘরের মাঠে।

আরও পড়ুন

×