ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

উপাচার্যের পদত্যাগ দাবিতে সপ্তম দিনের অবস্থান

উপাচার্যের পদত্যাগ দাবিতে সপ্তম দিনের অবস্থান
×

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আলিমুল ইসলামের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন শিক্ষক- শিক্ষার্থীরা। ছবি - ইউসুফ আলী

সিলেট ব্যুরো

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৪ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৪০

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসরণের দাবিতে টানা সপ্তম দিনের মতো মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের একটি অংশ।

গতকাল রোববার প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও হয়রানি চলছে। নিয়োগে অনিয়মের অভিযোগও তুলেছেন তারা। বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক ও গতিশীল করতে উপাচার্যকে অপসরণের দাবি জানান আন্দোলনকারীরা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এমদাদুল হক। সঞ্চালনা করেন জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান। বক্তব্য দেন অধ্যাপক ছিদ্দিকুল ইসলাম, সাদা দলের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক সভাপতি মাহবুব ইকবাল, আতাউর রহমান ও অধ্যাপক ড. নাজমুল হক।

এ ছাড়া বক্তব্য দেন জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের সভাপতি গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, একই পরিষদের মোহাম্মদ নেওয়ামত উল্লাহ, বাছিত উদ্দিন ও আশফাক আহমেদ, সিকৃবি ছাত্রদলের আহ্বায়ক সানাউল হোসেন সনি, যুগ্ম আহ্বায়ক  আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম ও গোলাম রাব্বানী।

বক্তারা বলেন, উপাচার্য যোগদানের পর থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের একটি অংশ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে তদন্ত হলেও তার যথাযথ ফল মিলছে না।

আন্দোলনরত শিক্ষকদের দাবি, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রশাসন চলছে না। কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও ফাইল তলবের মাধ্যমে চাপে রাখা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। শিক্ষকরা দ্রুত বর্তমান উপাচার্যকে অপসরণ করে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। একই সঙ্গে প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও দাবি তোলেন তারা।

আরও পড়ুন

×