ঢাকায় শুরু ‘উদ্যোক্তা হাট’
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯ | ০৭:৫৬
ষষ্ঠবারের মতো রাজধানীর ধানমণ্ডিতে শুরু হয়েছে ‘উদ্যোক্তা হাট’ শীর্ষক অনলাইনভিত্তিক নতুন উদ্যোক্তাদের পণ্য ও সেবা প্রদর্শনী।
শুক্রবার সকালে ধানমণ্ডির ২৭ নম্বরে ওমেন ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে এই হাটের উদ্বোধন করেন বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান, আইপে সিস্টেম লিমিটেডের হেড অব বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি কর্মকর্তা আবুল খায়ের চৌধুরী ও পাওয়ার স্টেশনের প্রধান নির্বাহী কাব্য আহমেদ সহ আরও অনেকে।
উদ্যোক্তা হাটের সমন্বয়ক প্রমি নাহিদ বলেন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে এবং ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ গ্রুপের আয়োজনে তিন দিনের এ প্রদর্শনীতে প্রায় ৪৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
আয়োজকরা জানান, আগ্রহীরা প্রদর্শনী থেকে সরাসরি নানা পণ্য ও সেবা কেনার সুযোগ পাবেন। উদ্যোক্তা হাট খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। আয়োজনের বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় (www.uddokta.com.bd)।
- বিষয় :
- উদ্যোক্তা হাট
- প্রদর্শনী