সক্ষমতা তৈরি ছাড়া সাইবার জগতকে নিরাপদ করা যাবে না: পলক
‘মেজারস এবং প্রিপারেডনেস ফর ইমার্জিং সাইবার থ্রেডস’ শীর্ষক সেমিনারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩ | ১৫:৫৮ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ১৩:২৬
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘সমন্বয় ও সক্ষমতা তৈরি ছাড়া আমাদের সাইবার জগতকে নিরাপদ করা যাবেনা। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে ডেটা শুধু পিপল, ডিভাইস, ওয়েব, বা অ্যাপের সাথেই নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্টারনেট অব থিংস এর সাথেও যুক্ত হয়েছে, ফলে ঝুঁকির পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
রোববার ‘মেজারস এবং প্রিপারেডনেস ফর ইমার্জিং সাইবার থ্রেডস’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
পলক বলেন, সারা বিশ্বে প্রায় দশ ট্রিলিয়ন ডলার সমমূল্যের সাইবার অপরাধ সংগঠিত হচ্ছে। আমাদের সবারই ইন্টারনেটে, ডিজিটাল ডিভাইস, বা সাইবার ওয়ার্ল্ডের সাথে কোনোভাবে সংযোগ আছে।
তিনি বলেন, পৃথিবীতে দুই ধরনের ইন্টারনেট ব্যবহারকারী আছে, একদল জানে যে তারা সাইবার হামলার শিকার হয়েছে, আরেকদল জানেও না যে তারা সাইবার হামলার শিকার হয়েছেন। এসব ঝুঁকির থেকে বাঁচতে হলে আমাদের নিজেদের সক্ষমতা তৈরি করতে হবে। যাতে এআই, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্সের ওপরে আমরা এতো বেশি পারদর্শী হই যাতে এইটার কোনো নেগেটিভ ইউজ আমাদের বিরুদ্ধে কেউ না করতে পারে। সেজন্য ইন্ডাস্ট্রি, অ্যাকাডেমিয়া এবং গভর্নমেন্ট একসাথে কাজ করতে হবে।
পলক বলেন, চারটি বিষয়ে আমাদের সক্ষমতা অর্জন করতে হবে; এআই, রোবোটিক্স, মাইক্রোচিপ ডিজাইনিং, এবং সাইবার সিকিউরিটি। এ বিষয় গুলোতে যদি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ এবং যোগ্য করে তুলতে পারি তাহলে আমরা ২০৪১ সালে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো।’