ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় বিএনপির দুটি সাংগঠনিক জেলা কমিটি বিলুপ্ত

কুমিল্লায় বিএনপির দুটি সাংগঠনিক জেলা কমিটি বিলুপ্ত
×

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২২ | ১২:৩৫ | আপডেট: ৩০ মে ২০২২ | ১২:৩৫

কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ দুটি জেলার কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। এছাড়াও নতুন করে এই প্রথম কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি  গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে এবং সদস্য সচিব করা হয়েছে বিএনপি নেতা হাজী জসিম উদ্দিনকে।

অপর দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানকে এবং সদস্য সচিব করা হয়েছে এএফএম তারেক মুন্সীকে। এছাড়াও নব গঠিত কুমিল্লা মহানগর বিএনপির ৪৪ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিএনপি নেতা আমিরুজ্জামান আমির এবং সদস্য সচিব করা হয়েছে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে।

কমিটি গঠন প্রসঙ্গে রাতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া সমকালকে বলেন, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। এছাড়াও ২০১১ সালে মহানগরের যাত্রা শুরু হলেও আমরা কমিটি গঠন করতে পারেনি। তাই সামনে আন্দোলন সংগ্রাম আরও বেগবান করতে এবং দলের সাংগঠনক কার্যক্রম এগিয়ে নিতে ৩টি ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এর আগে ২০০৯ সালের ২৪ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন হয়। ওই সম্মেলনে সভাপতি পদে বেগম রাবেয়া চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আমিন উর রশিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে রাখা হয়। ওই সম্মেলনের ৫ দিন পর ২০০৯ সালের ২৯ নভেম্বর ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়।

অপরদিকে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কুমিল্লা উত্তর জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে সভাপতি এবং আক্তারুজ্জামান সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। এছাড়াও ২০১১ সালে কুমিল্লা মহানগরের যাত্রা শুরু হলেও এযাবৎ বিএনপির সাংঠনিক কমিটি গঠন করা হয়নি। তাই এখানে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন

×