পিরোজপুরে আগুনে পুড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২০ | ০০:৫৪
পিরোজপুরের ভান্ডারিয়ার দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া গ্রামে আগুনে পুড়ে মাহফুজা আক্তার (৩৮) নামের এক স্কুলশিক্ষিকা মারা গেছেন।
শনিবার ভোরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। নিহত মাহফুজা ওই গ্রামের ওহাব মাস্টারের মেয়ে। তিনি ভান্ডারিয়া শহরের খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেনে শিক্ষকতা করতেন।
নিহতের স্বজনরা জানান, মাহফুজা তার বাবার বাড়িতে থেকে ওই বিদ্যালয়টিতে শিক্ষকতা করতেন। ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে তাদের কাঠের ঘরে আগুন লাগে। অগ্নিকান্ডের বিষয়টি টের পেয়ে সবাই ঘরের বাইরে বেরিয়ে আসে। তবে ঘরের দ্বিতীয় তলায় ঘুমে থাকা মাহফুজা আটকা পড়েন। আর সেখানেই দগ্ধ হয়ে মারা যান তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মাহফুজাসহ ঘরটি পুড়ে পুরোপুরি ছাই হয়ে যায়। এ সময় পাশের আরেকটি ঘর আংশিক ভস্মীভূত হয়।
- বিষয় :
- পিরোজপুর
- আগুনে পুড়ে মুত্যু