ডিমলায় পুতুলের নামে ভুয়া এনজিও, গ্রেফতার ৩
নীলফামারী সংবাদদাতা
প্রকাশ: ২৪ মার্চ ২০১৯ | ১৪:৫২ | আপডেট: ২৪ মার্চ ২০১৯ | ১৫:০৮
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীর দুর্গম চরাঞ্চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ভুয়া এনজিও খুলে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ডিমলার দক্ষিণ ঝুনাগাছ চাপানি চৌধুরীপাড়ার মৃত আকবর হোসেন চৌধুরীর ছেলে আবদুল খালেক চৌধুরী (৩৫), রংপুর কোতোয়ালি থানা এলাকার জিন্নাতুল করিম প্রধানের ছেলে সাজ্জাদ হোসেন শুভ (২৫) ও ছপুয়ার রহমানের ছেলে ফরিদ আলী (২৫)।
স্থানীয়রা জানান, পুতুলের নামে এনজিও খুলে মানুষের বিশ্বাস অর্জন করতে চেয়েছিল প্রতারকরা। এনজিও থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতাসহ বিভিন্ন অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে সদস্য ভর্তি করা হচ্ছিল। এজন্য প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়েছে। এভাবে উপজেলার খালিশা চাপানি ও ঝুনাগাছ চাপানি এলাকার শতাধিক হতদরিদ্র মানুষকে সদস্য করা হয়েছে।
শনিবার তারা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের জিনজিরপাড়ায় একই কায়দায় সদস্য সংগ্রহ করতে যায়। তবে এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তারা ওই তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার সময় তাদের কাছ থেকে ভুয়া এনজিওর ২০টি ফরম পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় থানার এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, গ্রেফতারকৃতরা ভুয়া এনজিওর মাধ্যমে প্রতারণা করতে ওই এলাকায় এসেছিল। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
- বিষয় :
- ভুয়া এনজিও
- গ্রেফতার
- ডিমলা