ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

'মিন্নি সুস্থ আছেন'

'মিন্নি সুস্থ আছেন'
×

ফাইল ছবি

 মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০১৯ | ১৮:০৮

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে গ্রেফতার নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি কারাগারে সুস্থ আছেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান ও ডা. উম্মে সোলায়মান তাহিরা শুক্রবার সকালে তারা বরগুনা কারাগারে গিয়েছিলেন। ডা. হাবিবুর রহমান ও ডা. উম্মে সোলায়মান তাহিরা রুটিন অনুযায়ী কারাগারের ২৮ হাজতিকে চিকিৎসা পরামর্শ দিয়েছেন। তাদের মধ্যে আয়শা সিদ্দিকা মিন্নিও ছিলেন।

পরে ডা. হাবিবুর সাংবাদিকদের জানান, 'মিন্নি সুস্থ আছেন। মিন্নি তেমন গুরুতর অসুস্থ নয়। একটু শারীরিক ব্যথা-বেদনা থাকতে পারে। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তাই মানসিকভাবে একটু চাপে আছেন। ভয়ের কিছু নেই, দুশ্চিন্তা করার কিছু নেই। তিনি অনেক ভালো আছেন।'

মিন্নিকে শারীরিক নির্যাতন করা হয়েছে কি-না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেন, 'না তেমন কোনো কিছু দেখা যায়নি। তাছাড়া মিন্নিও তেমন কিছুই বলেননি। তবে তার ঘুম কম হচ্ছে। সকালবেলা জেলখানার কিছু নিয়মকানুন আছে। তাই সকালে তিনি ঘুমাতে পারেন না। আমরা কারা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি, তিনি যতটুকু রেস্ট নিতে চান, তিনি যেন তা নিতে পারেন। জেল কর্তৃপক্ষও সেটা দেখবেন বলে জানিয়েছেন। মিন্নির পরিবারের দুশ্চিন্তার কোনো কারণ নেই।'

উন্নত চিকিৎসার জন্য মিন্নির পরিবার তাকে কারাগারের বাইরে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছিলেন। এর জবাবে ডা. হাবিবুর রহমান বলেন, 'আমাদের কাছে তেমনটি মনে হয়নি।'

২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে দুর্বৃত্তরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। এ ঘটনায় পরের দিন ২৭ জুলাই ১২ জনের নাম উল্লেখ করে নিহত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে বরগুনা থানায় একটি হত্যা মামলা করেন।

রিফাত হত্যা মামলায় নাটকীয়ভাবে মিন্নিকে ১৬ জুলাই গ্রেফতার দেখানো হয়। ১৭ জুলাই বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে রিমান্ড শেষ হওয়ার আগেই ১৯ জুলাই মিন্নি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মিন্নিকে জেলহাজতে পাঠানোর পর থেকেই তার পরিবার ও আইনজীবী দাবি করেন যে, তিনি গুরুতর অসুস্থ। তার ওপর নির্যাতন করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। পরিবারের সদস্যরা জেলগেটে দেখা করতে গেলে মিন্নি তাদের বলেন, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে পুলিশ তাকে যা বলতে বলেছে তিনি তাই বলেছেন। না বললে পুনরায় রিমান্ডে নেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল মিন্নিকে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। রিফাত হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পিবিআই অথবা সিআইডিতে হস্তান্তরের দাবি জানিয়েছিলেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। তবে শুক্রবার দুপুরে বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রিফাত শরীফ হত্যা মামলার বাদী এবং নিহতের বাবা দুলাল শরীফ দাবি করেছেন, তদন্ত ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র হিসেবে তার পুত্রবধূ আয়শা সিদ্দিকা মিন্নির বাবা মামলাটিকে পিবিআই অথবা সিআইডিতে হস্তান্তরের দাবি জানিয়েছেন এবং একই দাবিতে হাইকোর্টে রিট হয়েছেন। অন্য কোনো সংস্থাকে মামলার তদন্তভার না দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

অন্যদিকে, মামলাটি পিবিআইয়ে তদন্তের দাবি জানিয়ে ২৫ জুলাই হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছেন এক আইনজীবী।

আরও পড়ুন

×