নিজেদের নির্দোষ দাবি করল ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক
রাজশাহী জেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন। ছবি-সংগৃহীত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ০৯:৩২ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ০৯:৩২
এক নারীকর্মীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার ভাইরাল হওয়া অডিওটি নিজের নয় বলে দাবি করেছেন রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতি সাকিবুল ইসলাম রানা। আর সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি দাবি করছেন, ফেনসিডিল খাওয়ার ভাইরাল ভিডিওটিতে তিনি ফেনসিডিল নয়, স্পিড খাচ্ছিলেন।
রোববার দুপুরে রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তাঁরা। এ সময় নিজেদের নির্দোষ দাবি করেন দুই ছাত্রলীগ নেতা।
এদিকে ইসলামী ছাত্রশিবির এক সংবাদ সম্মেলনে দাবি করেছে, সাকিবুল ইসলাম রানা ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে জড়িত ছিলেন না। তাঁর অপকর্মের কোনো দায় শিবির নেবে না।
সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতি সাকিবুল ইসলাম রানা জানান, তিনি কখনও শিবির বা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাঁদের নিজ সংগঠনের রাজনৈতিক প্রতিপক্ষই এসব ষড়যন্ত্র করছে। আর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব ও সভাপতি রকি কুমার ঘোষের দেওয়া বক্তব্যও অসত্য বলে দাবি করেন তিনি। ফাঁস হওয়া অডিও ক্লিপটিও তাঁর নয় বলে দাবি করেন তিনি।
জাকির হোসেন অমি বলেন, কাটাখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু সামার ব্যক্তিগত চেম্বারে মাদকবিরোধী একটি শর্টফিল্ম করা হচ্ছিল। আমার হাতে ফেনসিডিল ছিল না, স্পিড ছিল। এডিটিং করে সেখানে ফেনসিডিল বসানো হয়েছে।
তাঁরা দাবি করেন, অভিযোগগুলো তদন্তের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা নিরপেক্ষভাবে পুরো বিষয়টি তদন্ত করলেই সব বিষয় পরিস্কার হয়ে যাবে।
জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলনের পর অভিযোগ ও সংশ্নিষ্ট ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি খাইরুল ইসলাম ও সেক্রেটারি ডা. উসামাহ রাইয়ান দাবি করেন, সরকারদলীয় কোনো ব্যক্তির অপকর্ম সামনে এলেই তাঁদের অপকর্মকে আড়াল করতে একশ্রেণির গণমাধ্যম ছাত্রশিবিরকে জড়িয়ে অপপ্রচার শুরু করে। যার আরেকটি একটি নমুনা রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার ঘৃণ্য অপকর্ম আড়াল করার নিকৃষ্ট অপচেষ্টা। তাঁর সঙ্গে ছাত্রশিবিরের দূরতম কোনো সম্পর্ক কোনোকালে ছিল না।
- বিষয় :
- ছাত্রলীগ
- ফেনসিডিল
- অনৈতিক প্রস্তাব