ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে বিনা টিকিটে যাত্রা: ভাড়া ও জরিমানা আদায় ১ লাখ ২৭ হাজার টাকা

ট্রেনে বিনা টিকিটে যাত্রা: ভাড়া ও জরিমানা আদায় ১ লাখ ২৭ হাজার টাকা
×

প্রতীকী ছবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ১২:০৬ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ১২:০৬

ছয়টি আন্তঃনগর ট্রেনে ৬৩০ জন বিনা টিকিটের যাত্রীর কাছ থেকে জরিমানা ও ভাড়া বাবদ ১ লাখ ২৬ হাজার ৮৫৫ টাকা আদায় করেছে রেলওয়ে। বিনা টিকিটে ভ্রমণের দায়ে এ জরিমানা আদায় করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার নিজেই ট্রেনে উঠে যাত্রীদের টিকিট চেক করে এ অর্থ আদায় করেন।

ঈশ্বরদী বাইপাস স্টেশনে শুক্রবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় চলাচলরত বিভিন্ন ট্রেনে ব্লকচেকিং চলে। এ সময় ৬৩০ জন বিনা টিকিটের যাত্রী চি‎হ্নিত করে তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করে ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক দল। শনিবার বিষয়টি নিশ্চিত করেন টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু।

অভিযান চালানো ট্রেনগুলোর মধ্যে রয়েছে রাজশাহী থেকে ঈশ্বরদী বাইপাস হয়ে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস, খুলনা থেকে ঈশ্বরদী রেলওয়ে জংশন হয়ে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস, ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস, পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ও ঢাকা থেকে ঈশ্বরদী বাইপাস হয়ে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস।

অভিযানে অন্যদের মধ্যে পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা কে এম নুরুল ইসলাম, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু, গোলাম মুস্তফা, প্রবীর কুমার, কামরুল ইসলাম, মঞ্জুরুল হাসানসহ ট্রেনের পরিচালক এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজশাহীর মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, সরকারি ছুটির দিনে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী ট্রেনে উপচে পড়া ভিড় থাকে। এ সুযোগে অনেকেই বিনা টিকিটে ট্রেনে যাতায়াতের চেষ্টা করেন। এ কারণে আকস্মিক অভিযান চালানো হয়েছে।

আরও পড়ুন

×