ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গারোদের নবান্ন উৎসব ওয়ানগালা উদযাপন

গারোদের নবান্ন উৎসব ওয়ানগালা উদযাপন
×

ছবি: সমকাল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ২১:৪২

শস্য দেবতার প্রতি কৃতজ্ঞতা আর নতুন ফসলের প্রাচুর্যের আশীর্বাদ নিয়ে শেষ হয়েছে গারো সম্প্রদায়ের দুই দিনব্যাপী নবান্ন উৎসব ‘ওয়ানগালা’। কলমাকান্দার পাঁচগাঁও সেন্ট পিটার্স চার্চ সাব-প্যারিস গির্জা মাঠে প্রার্থনা, আলোচনা আর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে শুরু হয় দিনব্যাপী ধর্মীয় আচার, ঐতিহ্যবাহী গান ও নাচের পরিবেশনা। গারো ভাষায় গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। 

দর্শকদের প্রধান আকর্ষণ ছিল নতুন ফসল উৎসর্গ এবং গারোদের ঐতিহ্যবাহী ‘জুম নাচ’। উৎসবস্থলে নারী-পুরুষরা উপস্থিত হন নিজস্ব গারো পোশাকে। কারও মাথায় কারুকাজ করা খুতুপে পাগড়ি, কারও মাথায় মোরগের পালক দিয়ে বানানো অলংকার ‘দমি’। মাঠজুড়ে বসে অস্থায়ী দোকান, যেখানে পাওয়া যায় হাতে বানানো গারো পোশাক, অলংকার ও ঐতিহ্যবাহী খাবার।

উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ পিসিসি সংস্থার পরিচালক সিলভেস্টার গমেজ। সভাপতিত্ব করেন নেত্রকোনার বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল। প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব কথাসাহিত্যিক মঈনুল হাসান, বাংলা একাডেমির পরিচালক ড. সরকার আমিন এবং কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

আরও পড়ুন

×