ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিস্ফোরক সংকটে এক মাস ধরে বন্ধ মধ্যপাড়া খনির পাথর উত্তোলন

বিস্ফোরক সংকটে এক মাস ধরে বন্ধ মধ্যপাড়া খনির পাথর উত্তোলন
×

ছবি: সমকাল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৮:০০

বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের সংকটে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে গত এক মাস ধরে বন্ধ রয়েছে পাথর উত্তোলন কার্যক্রম। গত ১৯ মে সকাল থেকে উৎপাদন বন্ধ হলেও এখনো তা চালু করা সম্ভব হয়নি। তবে আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে কার্যক্রম পুনরায় শুরুর আশা করছে খনি কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভূগর্ভ থেকে পাথর উত্তোলনের জন্য প্রয়োজনীয় বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট সরবরাহের দায়িত্ব খনি কর্তৃপক্ষের। সময়মতো এ উপকরণ সরবরাহ না হওয়ায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

মধ্যপাড়া খনিতে বিস্ফোরকের সংকটে উৎপাদন বন্ধ হওয়ার ঘটনা নতুন নয়। এর আগে ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে প্রায় দুই মাস, ২০১৮ সালে সাত দিন এবং ২০২২ ও ২০২৫ সালেও একই কারণে পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ ছিল।

২০০৭ সালের ২৫ মে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি হিসেবে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু করে। বর্তমানে খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে। তিন শিফটে এ কাজে প্রায় ৮০০ শ্রমিক নিয়োজিত রয়েছেন।

জিটিসির একটি সূত্র জানায়, উৎপাদন বন্ধ থাকলেও খনির রক্ষণাবেক্ষণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমজাদ হোসেন বলেন, ‘অ্যামোনিয়াম নাইট্রেট একটি বিশেষায়িত পণ্য। এটি সমুদ্রপথে আমদানি করতে হয়। বৈশ্বিক পরিস্থিতির কারণে শিপমেন্ট জাহাজ পেতে বিলম্ব হয়েছে। বর্তমানে চালানটি সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে।’

তিনি জানান, মোট ৩০০ মেট্রিক টন বিস্ফোরকের চাহিদা দেওয়া হয়েছে। প্রথম ধাপে ৮৮ মেট্রিক টন আসবে, যা দিয়ে প্রায় দুই থেকে আড়াই মাস উৎপাদন চালানো সম্ভব হবে। পরে পর্যায়ক্রমে বাকি চালান আসবে।

আমজাদ হোসেন বলেন, ‘ঝুঁকিপূর্ণ হওয়ায় এই ধরনের বিস্ফোরক দীর্ঘ সময় মজুত রাখা যায় না। উৎপাদন বন্ধ থাকলেও খনির রক্ষণাবেক্ষণ ও পাথর বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। তবে চাহিদা অনুযায়ী সব ধরনের পাথর মজুত না থাকায় বিক্রি কিছুটা কমেছে।’

খনি কর্তৃপক্ষের আশা, আগামী ১ জুলাই অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই মধ্যপাড়া খনিতে আবারও পাথর উত্তোলন কার্যক্রম শুরু করা যাবে।

আরও পড়ুন

×