ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে ধারের টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নড়াইলে ধারের টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে হত্যা
×

প্রতীকি ছবি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১১:১৭ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১১:৩৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় ধারের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলিনুর ফকির কুমড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।

নিহতের বড় ভাই আমিনুর ফকির জানান, প্রায় ছয় মাস আগে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দেন আলিনুর। দীর্ঘদিন ধরে টাকা ফেরত না দিয়ে রাজিব নানা অজুহাত দেখাতে থাকেন। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডাও হয়।

তিনি অভিযোগ করেন, শনিবার রাতে টাকা পরিশোধের কথা বলে রাজিব আলিনুরকে কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ডেকে নেয়। সেখানে তিনি ও আলিনুর পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা রাজিব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় আলিনুরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আলিনুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিৎ কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×