ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মজুরির দাবিতে দেওড়াছড়া চা বাগানে শ্রমিকদের অবস্থান

মজুরির দাবিতে দেওড়াছড়া চা বাগানে শ্রমিকদের অবস্থান
×

ছবি: সমকাল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১৯:৪৪ | আপডেট: ০৩ আগস্ট ২০২৬ | ১৯:৪৭

মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে টানা ছয় সপ্তাহ ধরে মজুরি পরিশোধ না করার প্রতিবাদে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চা-শ্রমিকরা। সোমবার সকাল থেকে শ্রমিকরা চা কারখানার সামনে সমবেত হয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন।

শ্রমিকরা জানান, টানা ছয় সপ্তাহ ধরে তাদের সাপ্তাহিক মজুরি (তলব) পরিশোধ করা হচ্ছে না। এতে পরিবার-পরিজন নিয়ে তারা চরম দুর্ভোগে পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের উচ্চমূল্যের কারণে চাল-ডালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি সন্তানদের লেখাপড়ার ব্যয় এবং অসুস্থ পরিবারের সদস্যদের চিকিৎসার খরচ বহন করাও কঠিন হয়ে পড়েছে।

তাদের দাবি, জীবিকার তাগিদে অনেক শ্রমিক উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হয়েছেন। দীর্ঘদিনের বকেয়া মজুরি পরিশোধ না হওয়ায় তারা চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত সব বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান তারা।

স্থানীয় ইউপি সদস্য ও রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, দ্রুত চা-শ্রমিকদের সমস্যার সমাধান না হলে তারা আরও কঠোর ও লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য সরকারি সহায়তা প্রয়োজন।

এ বিষয়ে দেওড়াছড়া চা বাগানের ব্যবস্থাপক আবদুল্লাহ আল নোমান বলেন, চা বোর্ডের সঙ্গে অভ্যন্তরীণ কিছু সমস্যা চলছে। আলোচনার মাধ্যমে দ্রুত বিষয়টি সমাধান করা হবে। একই সঙ্গে অতিসত্বর যাতে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন

×