ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কালুরঘাট বেতারকেন্দ্র যথাযথ রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

কালুরঘাট বেতারকেন্দ্র যথাযথ রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
×

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ২৩:২২

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, কালুরঘাট বেতারকেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা এখান থেকে দিয়েছিলেন। 

আজ শনিবার কালুরঘাট বেতারকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাটি যথাযথভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এই বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। 

সাংবাদিকদের কল্যাণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বরাদ্দের অর্থ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছর অথবা আগামী অর্থবছরের মধ্যে এ বরাদ্দ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছি।

ইয়াসের খান বলেন, অপতথ্য ও মিথ্যা তথ্যের বিস্তার রোধের পাশাপাশি জনগণকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনলাইন মিডিয়া ও সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি হচ্ছে। এসব মাধ্যমে শিক্ষণীয় ও সচেতনতামূলক রিলস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নিউ মিডিয়া প্রকল্পের আওতায় সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কোনটি সঠিক তথ্য, কোনটি মিসইনফরমেশন এবং কোনটি ডিজইনফরমেশন তা শনাক্ত করার জন্য বিভিন্ন টুলস ও সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে তথ্য যাচাই করে জনগণকে সঠিক তথ্য সম্পর্কে অবহিত করা হবে।

বিটিভি ও বাংলাদেশ বেতারকে শক্তিশালী ও আধুনিক করা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিটিভির জনপ্রিয় সিগনেচার অনুষ্ঠান নতুন কুঁড়িকে আরও আধুনিক ও বেতারের এফএম সম্প্রচার শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিটিভিকে আধুনিক ও দর্শকবান্ধব করা হচ্ছে। 

এ সময় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, কালুরঘাট বেতারকেন্দ্রের পরিচালক শাহীন আক্তার, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তীসহ বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×