ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ
×

পুলিশ গিয়ে দরজা খুলে তিনজনের মরদেহ উদ্ধার করে। ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৫ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২৭

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন— আলমগীর (৪২) ও তার স্ত্রী নাজমা বেগম (৩৩)। তারা দুজনই দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড় মাগুরা গ্রামের বাসিন্দা। নাজমা আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন। আর আলমগীর পেশায় পান বিক্রেতা ছিলেন।

পুলিশ জানায়, প্রতিবেশীরা জানিয়েছে ওই কক্ষের দরজা-জানালা সব সময় বন্ধ থাকত। নিহত নারী ও পুরুষ স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন। শুক্রবার রাতে কক্ষটি থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা খুলে তিনজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারের সময় আলমগীরের গলায় গামছা পেঁচানো ছিল। এ কারণে ঘটনাটি হত্যাকাণ্ড কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যরা গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনার আগে বা পরে ওই নারীর গর্ভপাত হয়ে আনুমানিক পাঁচ মাস বয়সী ভ্রূণটি বের হয়ে যায়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন বলেন, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। এটি হত্যাকাণ্ড, নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×