ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মাদক মামলায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

মাদক মামলায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৫৬

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার রাতে সাতক্ষীরা সদর থানায় ডিবির উপপরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

গ্রেপ্তার দুই পুলিশ সদস্য হলেন- মোস্তাইন বিল্লাহ (৩০) ও নাজমুল ইসলাম (২৮)। মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা পুলিশের এসএফ শাখায় কর্মরত ছিলেন। নাজমুল ইসলাম সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।

মোস্তাইন বিল্লাহ খুলনার তেরখাদা উপজেলার পানতিতা গ্রামের অহিদ মোল্লার ছেলে। নাজমুল ইসলাম মাগুরার মোহাম্মদপুর উপজেলার ভাতুয়াডাঙা গ্রামের আব্দুল ওয়াদুদ মৃধার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের বকচরা মোড় এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় আসাদুলের চায়ের দোকানের সামনে থেকে একটি ওয়ানটেস্ট অ্যাপাচি মোটরসাইকেল ও ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলামকে আটক করা হয়।

এর মধ্যে মোস্তাইন বিল্লাহর জ্যাকেটের পকেট থেকে দুই বোতল এবং মোটরসাইকেলের হুকে ঝোলানো একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৫৪ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন ওই দুই পুলিশ সদস্য। মোস্তাইন বিল্লাহ বাইপাস সড়কের পাশে একটি চায়ের ও ক্যারাম খেলার দোকানে বসে ইয়াবা, কোরেক্স ও গাঁজা বিক্রি করতেন বলে অভিযোগ করা হয়েছে। এ কাজে দোকানের মালিক তাইফুর সহযোগিতা করতেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুই পুলিশ সদস্যকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন

×