পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত
নিহতের পরিবারের আহাজারি। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫৫
পাবনার সাঁথিয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকায় মানিকের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে নড়াইলের লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। চুয়াডাঙ্গার জীবননগরে যুবক ও কুমিল্লার বরুড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সাঁথিয়ায় হত্যার শিকার আব্দুল আজিজ (৫৫) ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাজ গ্রামের প্রয়াত সেকেন সরদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত সোমবার এশার নামাজের পর বাড়ি থেকে বের হন। পরে আর ফেরেননি। মঙ্গলবার সকাল ৯টার দিকে মিয়াপুর মিনারপাড়া এলাকায় পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সাঁথিয়া থানা পুলিশে খবর দেন।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।
দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত
নড়াইলের লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষে মিসকান সরদার (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ ৮ জন। মঙ্গলবার উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিসকান সরদার ওই গ্রামের লোকমান সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে মাটিয়াডাঙ্গা গ্রামের সাবেক মেম্বার ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল মোল্যা গ্রুপের সঙ্গে ইউনিয়ন যুবদলের সহসভাপতি আজমাল মুন্সির গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জেরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শহিদুল মেম্বারের লোকজন প্রতিপক্ষ আজমল গ্রুপের মিসকান সরদার, সালাম মুন্সি, সারফিনা খানম, খাঁজা সরদার, সিয়ামিন সরদারকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে মিসকানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন চিকিৎসক। পথে মাদারীপুর পাঁচচর এলাকায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শহিদুলের লোকজন যুবদল নেতা আজমল মুন্সির লোকজনের ওপর অনেক নির্যাতন করেছে। এখনও তারা গ্রামে সক্রিয়। মঙ্গলবার আজমলের লোকজনের ওপর তারা আবার হামলা চালায় এবং একজনকে হত্যা করে।’
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক। মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগরে বন্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামের এক যুবকের অর্ধগলিত ও ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ১২টার দিকে উপজেলার উথলী বাজারপাড়া (রেলস্টেশন-সংলগ্ন) থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবিউল ওই এলাকার সালাম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুর্গন্ধ পেতে থাকেন উথলী বাজারের ব্যবসায়ীরা। পরে তারা ধারণা করেন, এটি কোনো মরদেহের দুর্গন্ধ। সেই ধারণা থেকে রাত সাড়ে ১১টার দিকে ৯৯৯-এ কল করেন এক ব্যবসায়ী। রাত ১২টার দিকে জীবননগর থানা পুলিশের একটি দল এসে বন্ধ ঘর থেকে রবিউলের মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, রবিউল দীর্ঘদিন ধরে উথলী বাজারপাড়ায় বসবাস করছিলেন। তিনি বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তিনি মা ও স্ত্রী-সন্তানকে বাড়ি থেকে বের করে দেন। কোনো এক সময় তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, ধারণা করছি, সপ্তাহখানেক আগে রবিউল আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ফসলি জমিতে নারীর মরদেহ
কুমিল্লার বরুড়ায় ফসলি জমিতে পুঁতে রাখা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই নারীর হাত-পা বাঁধা ছিল। তাঁর বয়স আনুমানিক ২৫-৩০ বছর। হত্যার পর মরদেহ জমিতে পুঁতে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়দের বরাতে বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি)
- বিষয় :
- পাবনা
- কুপিয়ে হত্যা
- ব্যবসায়ীকে হত্যা