ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

তিন আদালতে যাবেন না আইনজীবী

তিন আদালতে যাবেন না আইনজীবী
×

চাঁদপুর আইনজীবী সমিতি মিলনায়তনে গতকালের সাধারণ সভায় অংশগ্রহণকারীর একাংশ সমকাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৪

| প্রিন্ট সংস্করণ

চাঁদপুরের তিন বিচারকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন আইনজীবীরা। এ জন্য তাদের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। গতকাল বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ডাকা জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সমিতির নেতারা সাংবাদিকদের এসব তথ্য জানান।

সভায় চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক পলাশ বর্ধন ও সদর সিনিয়র সহকারী জজ শম্পা ইসলামের আদালত পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু।
সভায় আইনজীবী নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিচারপ্রার্থীদের সেবা দিতে গিয়ে আইনজীবীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনার বর্ণনা দিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। তবে আইনজীবীরা বলেন, তারা বিচারকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে পেশাগত দায়িত্ব পালন করতে চান।

সভায় সমিতির নেতারা সিদ্ধান্ত দেন, আগামী সাত দিন আদালত পুলিশ পরিদর্শকের দপ্তর থেকে মামলার কপি সংগ্রহের জন্য তারা কোনো টাকা দেবেন না। তারা অভিযোগ করেন, আদালতের পেশকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা নানাভাবে আইনজীবীদের দীর্ঘদিন ধরে অসম্মানিত করে আসছেন।
আইনজীবী সমিতির সভাপতি শামছুল ইসলাম মন্টু বলেন, স্থানীয়ভাবে এসব সমস্যার সমাধান না হলে লিখিতভাবে বার কাউন্সিলের কাছে জানাবেন। পাশাপাশি সমিতির সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো আইনজীবী বা তাদের সহকারী কাজ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।

যে বিচারকদের আদালত বর্জনের সিদ্ধান্ত হয়েছে, তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আইনজীবীদের সমন্বয়হীনতা চলছে উল্লেখ করে শামছুল ইসলাম মন্টু বলেন, বিষয়গুলো নিয়ে আইনজীবী সমিতির নেতারা তাদের মৌখিকভাবে জানিয়েছেন। সমস্যার সমাধান হয়নি। বরং নিজেদের মতো করে তারা বিচারকাজ পরিচালনা করায় আইনজীবীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এ কারণে সমিতি আদালত বর্জনের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই তিনটি আদালত ছাড়াও কয়েকটি আদালত এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীদের সঙ্গে ‘শিক্ষক-ছাত্রের মতো’ আচরণের অভিযোগ রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতেও তাদের হয়রানি করা হয় বলে তিনি দাবি করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পিপি কোহিনুর রশিদ, জিপি এজেএম রফিকুল হাসান রিপন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি কোহিনুর বেগম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, আইনজীবী সেলিম আকবর, আহছান হাবীব, একিউএম মোস্তফা কামাল, আবুল খায়ের মো. সালেহ, সাবেক পিপি আমান উল্যাহ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টুর ভাষ্য, এসব সমস্যা সমাধানে তারা সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার উদ্যোগ নেবেন। একই সঙ্গে সমস্যা চিহ্নিত করা ও সমাধানে আইনজীবীদের নিয়েও কমিটি করবেন।

আরও পড়ুন

×