ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইজিবাইকের দাপটে বন্ধের পথে বাসসেবা

ইজিবাইকের দাপটে বন্ধের  পথে বাসসেবা
×

আক্কেলপুর সদর উপজেলার ইজিবাইক ও অটোরিকশার দাপটে বন্ধ বাস চলাচল সমকাল

 আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩০

| প্রিন্ট সংস্করণ

ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার দাপট এবং ধীরগতির সেবার কারণে যাত্রী হারিয়ে লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে আক্কেলপুর-জয়পুরহাট রাস্তার সব বাস চলাচল। একসময় যে রাস্তায় প্রতিদিন ৩০টিরও বেশি বাস চলাচল করত, সেখানে গত আট মাস ধরে একটি বাসের চাকাও ঘোরেনি। মালিকেরা লোকসান সইতে না পেরে অধিকাংশ বাস বিক্রি করে দিয়েছেন, যার ফলে পুরো পথটি এখন ইজিবাইকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

তবে যাত্রীদের অভিযোগ, শুধু ছোট যানবাহনের অবাধ চলাচল এর একমাত্র কারণ নয়; বাসের অব্যবস্থাপনা, পথে যত্রতত্র থামানো, অনির্ধারিত বিলম্ব এবং তুলনামূলক বেশি ভাড়া যাত্রীদের বাসবিমুখ করেছে।
জয়পুরহাট বাসস্ট্যান্ড থেকে আক্কেলপুর উপজেলা সদরের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। ১৯৮০-এর দশকে শুরু হওয়া এ রাস্তায় একসময় সকাল থেকে রাত ৮টা পর্যন্ত প্রতি ১৫ মিনিট পর পর বাস ছেড়ে যেত। প্রথম দিকে ৩ টাকা ভাড়া থাকলেও ধাপে ধাপে তা বেড়ে দাঁড়ায় ৪০ টাকায়। সম্প্রতি সড়কজুড়ে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশার সংখ্যা বৃদ্ধি এবং আক্কেলপুর-জয়পুরহাট রেলপথে সুলভ যাতায়াতের সুযোগ তৈরি হওয়ায় বাসের যাত্রীসংখ্যা আশঙ্কাজনক হারে কমে যায়।

নিয়মিত যাতায়াতকারী মিঠু হোসেন ও সিরাজুল ইসলাম জানান, বাসে ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগত এক ঘণ্টারও বেশি। বাসস্ট্যান্ড থেকে ছাড়ার পর মোড়ে মোড়ে চালকেরা যাত্রী তোলার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন। বিপরীতে ইজিবাইকে অতিরিক্ত যাত্রী না নেওয়া এবং ইচ্ছেমতো ওঠা-নামার সুবিধা থাকায় সময় ও ভোগান্তি দুটিই কমছে। একে তাঁরা ‘ছোট যানবাহনের কাছে বড় গণপরিবহনের পরাজয়’ বলে অভিহিত করেন।

বাসচালক রাজু হোসেন ও বাসমালিক সফিকুল হুদা চৌধুরী আক্ষেপ করে বলেন, ‘অর্ধেকেরও কম যাত্রী নিয়ে বাস চালিয়ে তেলের টাকা ও চালক-সহকারীর বেতন উঠত না। প্রশাসনকে বলেও সড়ক থেকে  ইজিবাইক ও অটোরিকশা ওঠানো সম্ভব হয়নি। নিরুপায় হয়ে বাসমালিকেরা লোকসান এড়াতে গাড়ি বিক্রি করে দিয়েছেন এবং বাস চলাচল বন্ধ রেখেছেন।’
অন্যদিকে স্থানীয় সুশীল সমাজ ও আক্কেলপুর প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম মনে করেন, ছোট যানবাহনের ওপর শতভাগ নির্ভরতা ঝুঁকিপূর্ণ। বাসমালিকদের উচিত নির্দিষ্ট সময়সূচি ধরে দ্রুতগামী ও যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করা, যাতে সাধারণ মানুষ আবারও বাসে ফিরে আসে।
সার্বিক বিষয়ে জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিটন বলেন, ‘বাসমালিকদের দীর্ঘদিনের লোকসানের কারণে সেবাটি সাময়িক বন্ধ রয়েছে। তবে আমরা একদম হাত গুটিয়ে বসে নেই। যাত্রীর চাহিদা ও রাস্তার কথা বিবেচনা করে জয়পুরহাট থেকে আক্কেলপুর হয়ে সরাসরি বগুড়া রুটে বাস চলাচলের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত এই রাস্তায় উন্নতমানের বাসসেবা ফের চালু করা সম্ভব হবে।’

আরও পড়ুন

×