মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি সার জব্দ, গ্রেপ্তার ২
ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ২০:২০
মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন। এ সময় সার পাচারে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়।
বুধবার দিবাগত রাত ১টার দিকে সীতাকুন্ড থানার বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সার ও ট্রাক জব্দ করা হয়। জব্দ করা সারগুলো চট্টগ্রামের কাফকো কারখানায় উৎপাদিত।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারী এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তর করা হচ্ছিল। এ সময় প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সার থাকায় মোট সারের পরিমাণ ৩৫ হাজার কেজি।
তিনি আরও জানান, অভিযানের সময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন ট্রাকচালক ও অন্যজন হেলপার। তবে কোস্টগার্ডের অভিযান টের পেয়ে অপর দুই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নৌযানে পরিবহনের জন্য সারগুলো বাঁশবাড়িয়া ঘাটে আনা হয়েছিল। চোরাচালানের সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, ২ সেপ্টেম্বর চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছিল কোস্ট গার্ড পূর্ব জোন। ওই অভিযানে তিনজনকে আটক করা হয়।
- বিষয় :
- মিয়ানমার