ডাকাতির অভিযোগে বিক্ষোভ জমির বিরোধ বলছে প্রতিপক্ষ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৬
| প্রিন্ট সংস্করণ
সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও ডাকাতির প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ-সংলগ্ন পিরোজপুর মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশ মানুষ অংশ নেন।
প্রতিবাদ সভায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন আলহাজ আব্দুল বাসির, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, ইউসুফ আলী, শহিদুল ইসলাম, আব্দুল মোতালেব, রাসেল আলী, সাদিকুল ইসলাম ও সোনামসজিদ জামে মসজিদের খতিবসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, গত মঙ্গলবার দুপুরে সোনাপুর গ্রামের এক বাড়িতে ঢুকে হামলা চালিয়ে এক গৃহবধূর কানের দুল, নগদ এক লাখ টাকা, একটি গরু ও দুটি ভ্যান লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তারা অভিযুক্ত আব্দুল মালেক, রাইহান, মাসুদ, বুলু ও মোশারফের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী আনোয়ারা বেগম জানান, আব্দুল মালেক ও তাঁর সহযোগীরা দিনের বেলায় ঘরে ঢুকে সব মালামাল লুটে নেয় এবং যাওয়ার সময় তাঁর কান ছিঁড়ে দুল খুলে নিয়ে যায়।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আব্দুল মালেকের মোবাইল ফোনে কল দেওয়া হয়। তাঁর পরিবারের সদস্যরা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক মারা গেছেন।
তবে এটিকে ডাকাতি বলা হলেও ঘটনার নেপথ্যে উঠে এসেছে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের তথ্য। প্রধান অভিযুক্তদের একজন মাসুদের দাবি– তাঁর বাবা লোকমান হাকিমের সঙ্গে স্থানীয় একটি গোষ্ঠীর জমি নিয়ে দীর্ঘদিন মামলা চলছে। মাসুদ জানান, বালিয়াঘি কলোনিতে তাঁর বাবার মালিকানাধীন ১৬ বিঘা জমি পিরোজপুরে হওয়ায় বাসির, তামিজ ও ভুট্টুর নেতৃত্বে একটি প্রভাবশালী পক্ষ তা অবৈধভাবে দখল করে রেখেছে। তাঁর বাবা ও পরিবার সেই জমি পুনরুদ্ধারের চেষ্টা করলে প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধকে ‘ডাকাতি’ বলে ভিন্ন খাতে চালনার চেষ্টা করছে। ঘটনার সঙ্গে অভিযুক্ত ৭৫ বছর বয়সী বৃদ্ধ আব্দুল মালেক ডাকাতিতে নেতৃত্ব দিয়েছেন– এমন দাবিকে অকল্পনীয় উল্লেখ করে মাসুদ বলেন, জমি নিয়ে আদালতে গত ৫ বছর ধরে মামলা বিচারাধীন।
এদিকে ডাকাতির অভিযোগটি পুরোপুরি নাকচ করে দিয়েছে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, ‘সোনামসজিদ এলাকার ঘটনাটি কোনো ডাকাতি নয়, এটি মূলত একটি পারিবারিক ও জমি-সংক্রান্ত বিরোধ। আনোয়ারা নামের যে নারীর কানের দুল ছিঁড়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেটিও একই ঘটনার জের।’ ওসি আরও জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি, পুলিশ পুরো ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখছে।
- বিষয় :
- ডাকাতি