দক্ষ জনবল তৈরিতে কোরিয়ার ১৫ মিলিয়ন ডলারের প্রকল্প
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৫২
বাংলাদেশের শিপ রিসাইক্লিং, শিপ নির্মাণ ও শিপ রক্ষণাবেক্ষণ খাতে দক্ষ জনবল তৈরিতে ১৫ মিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)। ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত এ প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, পাঠ্যক্রম আধুনিকায়ন ও প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
গতকাল রোববার চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেমিনার হলে চট্টগ্রাম চেম্বার ও শিপ রিসাইক্লিং খাতের নেতাদের সঙ্গে কোইকা প্রতিনিধি দলের মতবিনিময়ে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্পে দক্ষতা উন্নয়নে সম্ভাব্যতা সমীক্ষার ওপর একটি তথ্যচিত্রও উপস্থাপন করা হয়।
মতবিনিময়ে কোইকা বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হিউনউ ইয়াং বলেন, বাংলাদেশের শিপ রিসাইক্লিং খাতে আধুনিক প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী কোরিয়া। উন্নত ওয়েল্ডিং প্রযুক্তি, আধুনিক কর্মপদ্ধতি ও কারিগরি জ্ঞান উন্নয়নের মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা এবং মূল্য সংযোজন বাড়ানোই তাদের লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশের শিপ রিসাইক্লিং খাতে দক্ষ মানবসম্পদের চাহিদা রয়েছে। পরিচালিত সমীক্ষায় দেখা গেছে, চাহিদার বিপরীতে মাত্র ১ থেকে ২ শতাংশ জনশক্তির প্রয়োজনীয় দক্ষতা রয়েছে। এ ঘাটতি পূরণে শিপ ব্রেকিং, শিপ বিল্ডিং ও শিপ মেইনটেন্যান্স খাতে দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
কোইকার এ প্রকল্পের আওতায় বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অবকাঠামো উন্নয়ন, কারিকুলাম আধুনিকায়ন, প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে।
হিউনউ ইয়াং বলেন, কোরিয়ার শিপ রিসাইক্লিং কোম্পানিগুলো বাংলাদেশের ইয়ার্ডে শিপ রিসাইক্লিং করতে আগ্রহী। এ কারণে বাংলাদেশের শিপ রিসাইক্লিং খাত নিয়ে সমীক্ষা করা হয়েছে। দক্ষ জনবলের ঘাটতি পূরণ করা গেলে এ খাতে উৎপাদনশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানো সম্ভব।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম দেশের বিনিয়োগ ও লজিস্টিকস হাবে পরিণত হচ্ছে। কক্সবাজারের মাতারবাড়ীতে সরকার গ্রিন শিপ বিল্ডিং হাব গড়ে তুলতে চায়। অন্যদিকে সীতাকুণ্ড উপকূলে রয়েছে এশিয়ার অন্যতম বৃহৎ শিপ রিসাইক্লিং শিল্প। ফলে এ খাতের সক্ষমতা বৃদ্ধি ও দক্ষ মানবসম্পদ তৈরিতে কোরিয়ার উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি মোহাম্মদ মহসিন, উপদেষ্টা জহিরুল ইসলাম (রিংকু), মাস্টার স্টিল অ্যান্ড অক্সিজেন লিমিটেডের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম, এইচআর শিপ ম্যানেজমেন্টের সিইও মোহাম্মদ মাহবুবুর রহমান, চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার মো. গোলাম সরওয়ারসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
কোইকা বিশেষজ্ঞ চুং ইয়ুপ কিম বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্পে দক্ষতা উন্নয়নের সম্ভাব্যতা সমীক্ষার ওপর তথ্যচিত্র উপস্থাপন করেন।
- বিষয় :
- চট্টগ্রাম