ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ওসি-সাংবাদিকসহ আটজনের বিরুদ্ধে মারধর ও চুরির অভিযোগ

ওসি-সাংবাদিকসহ আটজনের বিরুদ্ধে মারধর ও চুরির অভিযোগ
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৫৪

চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ ওয়াকিল আহমদ ওরফে বিহারী বগার বাবা মো. জাবেদ এবার নগদ আট লাখ টাকা ও ছয় লাখ টাকার স্বর্ণালংকার চুরি এবং পুত্রবধূকে মারধর করার অভিযোগে আদালতে নালিশি মামলা করেছেন। গতকাল রোববার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালতে মামলাটি করেন।

মলায় বিবাদী করা হয়েছে খুলশী থানার ওসি, সাংবাদিকসহ আটজনকে। আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে অভিযোগটি সিআইডিকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।
বিবাদীরা হলেন– খুলশী থানার ওসি আব্দুর রহিম, এসআই শাহ পরান, এসআই আনোয়ার হোসেন, বাবু মেম্বার ওরফে যুবলীগ বাবু, মিজানুর রহমান, আমান উল্লাহ আমান, সাংবাদিক মো. আরিফ ও আসাদ উল্ল্যাহ।

মামলার আরজিতে অভিযোগ করা হয়, গত ৪ সেপ্টেম্বর ভোরে খুলশী থানার ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ওয়্যারলেস মোড়ে সরকারি আইনানুগ পদ্ধতি অনুসরণ না করে বাদীসহ নিরীহ ব্যক্তিদের বাড়ি ঘরে অনধিকার প্রবেশ করেন। সরকারি অস্ত্র উঁচিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালান। খুলশী থানার ওসি আব্দুর রহিম, এসআই শাহ পরান, এসআই আনোয়ার হোসেনের হুকুমে বাবু মেম্বার ওরফে যুবলীগ বাবু, মিজানুর রহমান, আমান উল্লাহ আমান, সাংবাদিক মো. আরিফ ও আসাদ উল্ল্যাহ বাদীর বসত ঘরে প্রবেশ করে তিন লাখ টাকার আসবাব ভাঙচুর করেন। বাদীর পুত্রবধূ রীখা বেগমের ঘরে প্রবেশ করে তাঁর ওয়ার্ডরোব ভেঙে নগদ আট লাখ টাকা ও তিন ভরি ওজনের চেইন লুটপাট করে নিয়ে যান। এর আনুমানিক মূল্য ছয় লাখ টাকা। এমনকি আসামিরা তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়।

বাদীপক্ষের আইনজীবী এস এম মঈনুল ইসলাম বলেন, আদালত বাদীর নালিশি মামলা শুনে, বক্তব্য গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন। খুলশী থানার ওসি আবদুর রহিমকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সাংবাদিক আরিফ হোসেন বলেন, ঘটনার সময় আসামি বাসায় ঘুমে ছিলাম। এ ঘটনার সঙ্গে আমি কীভাবে জড়িত জানি না। বগা আমার একটি জায়গা দখল করেছেন সেই ক্ষোভ থেকে এখানে আমার নাম দিয়েছে। তাঁর বাহিনীর অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ।

প্রসঙ্গত, ওয়াকিল আহমদ ওরফে বিহারী বগাকে গ্রেপ্তার করতে গেলে তাঁর অনুসারীদের হামলায় খুলশী থানার ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বগার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বগা নামে খুলশী এলাকার জায়গা দখল, মারামারি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগে খুলশী থানায় একাধিক মামলা আছে। তিনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে পরিচয় দেন। সংগঠন বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করায় তাঁকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। সম্প্রতি পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় ২ নম্বর আসামি বগা।

আরও পড়ুন

×