তাড়াশে কৃষকের আটটি গরু চুরি
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:১৭
সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে এক কৃষকের আটটি গরু চুরি করে নিয়ে গেছে । রোববার দিবাগত রাতে তাড়াশ পৌর এলাকার খুটিগাছা মহল্লায় কৃষক হায়দার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা।
কৃষকের ছেলে জাহিদ হাসান চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে খাবার খাওয়ানোর পর গরুগুলো গোয়ালঘরে তুলে দরজায় তালা দিয়ে ঘুমাতে যান তার বাবা। রাতের কোনো একসময় চোরের দল গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গাভী, একটি ষাঁড় ও দুটি বকনা বাছুর নিয়ে যায়।
কৃষক হায়দার আলী বলেন, গরুগুলো চুরি হয়ে যাওয়ায় আমি সর্বস্বান্ত হয়ে পড়েছি। এই ক্ষতি পুষিয়ে ওঠা আমার পক্ষে সম্ভব নয়।
এদিকে খবর পেয়ে সোমবার সকালে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।