পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মো. আজাহারী, উম্মে মানহা ও আলিফা আকতার
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৩
চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। আজ সোমবার দুপুরে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নে এ ঘটনা দুটি ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো– উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী পাড়া মন্নান সওদাগর বাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. আজাহারী (৯), পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছামতী আলীনগর আইয়ুব মৌলবির বাড়ির জিয়াবুল হকের মেয়ে উম্মে মানহা (৭) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ফারুকের মেয়ে মোছাম্মৎ আলিফা আকতার (২)। আজাহারী কওমি মাদ্রাসার হেফজখানা ও উম্মে মানহা প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মানহার চাচাতো বোন রিফা আকতার বলেন, সোমবার দুপুর ২টার দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে আজাহারী ও মানহা খেলছিল। এক পর্যায়ে তারা সবার অগোচরে উঠানের সামনে থাকা পুকুরে নেমে পানিতে ডুবে যায়। পরে আজাহারীর নানা ওই পুকুরে গোসল করতে নেমে মানহাকে পানিতে ভেসে থাকতে দেখেন। তাকে পুকুর থেকে তুলে উপজেলার কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রায় আধা ঘণ্টা পর একই পুকুরের তলদেশ থেকে আজাহারীকে উদ্ধার করে কেরানীহাটের আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।
মৃত আলিফার চাচা মো. তারেক হোসেন সওদাগর বলেন, তাঁর ভাতিজি আজ দুপুর ১২টার দিকে একটি পানির গ্লাস নিয়ে বাড়ির সামনে উঠানে খেলছিল। এক পর্যায়ে বাড়ির উঠানের সামনে থাকা পুকুরে তার হাতে থাকা গ্লাসটি পড়ে যায়। পরে আলিফা পুকুর থেকে গ্লাসটি তুলতে গেলে পানিতে ডুবে মারা যায়।
পৃথক এই দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পশ্চিম ঢেমশা ইউনিয়ন (ইউপি) পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সরওয়ার কামাল।
- বিষয় :
- চট্টগ্রাম
- পানিতে ডুবে মৃত্যু