ময়মনসিংহ মেডিকেল কলেজ
হাসপাতালে আগুন, ৬ মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী তথ্য
হুড়োহুড়িতে পদদলিত হয়ে ২০ জন আহত
ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক ও নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০০:৫৮
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন আটতলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে ও পদদলিত হয়ে অন্তত ২০ জন আহত হয়েছে।
সোমবার সন্ধ্যার আগে হাসপাতালের লিফটের কন্ট্রোল রুম থেকে আগুন লাগে। ধোঁয়া দেখে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে শুরু করে।
এ সময় ছয়জন পদদলিত হয়ে মারা গেছেন বলে কয়েকটি সূত্র থেকে জানা যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, হাসপাতালে প্রতিদিন কিছু রোগী মারা যায়। এই মৃত্যুগুলো তেমনই।
হাসপাতাল সূত্রে এদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। এরা হলেন নেত্রকোনার পূর্বধলার হাজেরা বেগম (৫০), ময়মনসিংহের ফুলবাড়িয়ার শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) এবং তারাকান্দার কুলসুমা (৩৫)। এ ছাড়া এক বছর বয়সী শিশুর মৃত্যু হলেও পরিচয় মেলেনি।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন অবশ্য বলেছেন, পদদলিত হয়ে এই ছয়জনের মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
তবে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জাহিদুল হাসান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনও সুনির্দিষ্ট প্রমাণ পাইনি। যাদের মৃত্যুর তথ্য পাওয়া যাচ্ছে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করছি। তথ্য নিশ্চিত হলে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম এদিন রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুনে সরাসরি মৃত্যুর ঘটনা স্বীকার করেননি।
তবে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি এক কর্মকর্তা জানান, আগুনের ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ছয়জন মারা গেছে এবং ২০ জনের মতো আহত হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, এদিন সন্ধ্যা ৬টার দিকে নতুন আটতলা ভবনের লিফটের কন্ট্রোল রুমে আগুন লাগে। কন্ট্রোলার মেশিনের বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট ও অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হয়। কন্ট্রোল রুম থেকে বের হওয়া ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
তিনি বলেন, খবর পেয়ে ময়মনসিংহ সদর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ঈশ্বরগঞ্জ স্টেশনসহ পাঁচটি স্টেশনের ১০টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের প্রতিটি তলায় তল্লাশি চালিয়ে আগুনের অবস্থান শনাক্ত করেন এবং পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, আগুন লাগার কারণ ও সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।