ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ডেকে নিয়ে ধর্ষণ, বিষপানে জীবন শেষ করল স্কুলছাত্রী

কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ২

ডেকে নিয়ে ধর্ষণ, বিষপানে জীবন শেষ করল স্কুলছাত্রী
×

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ২০:১৩

পঞ্চগড়ে এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিষ পান করে ওই স্কুলছাত্রী। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ অভিযুক্ত সোহেল (২৫) ও তার সহযোগী ইজিবাইকচালক রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টুকে (২৩) গ্রেপ্তার করেছে। তাদের বাড়ি সদর উপজেলা সদরের ভিতরগড় এলাকায়। সোহেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলে মামলাসূত্রে জানা গেছে।

সোমবার রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই স্কুলছাত্রী। আজ মঙ্গলবার মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, স্কুল যাতায়াতের পথে মেয়েটিকে বিরক্ত করত সোহেল। একপর্যায়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১০ সেপ্টেম্বর রাতে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে রফিকুলের ইজিবাইকে তুলে নেয় সোহেল। পরে তাকে রাজমহল পূর্ববাগান এলাকার আবু সায়েদের বাড়িতে নেওয়া হয়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে বিষয়টি গোপন রাখতে হুমকি দিয়ে রাত ২টার দিকে বাড়ি ফেরার জন্য তাকে একটি ইজিবাইকে তুলে দেওয়া হয়। পথে ইজিবাইকচালক ও দুই যাত্রী তাকে আবার যৌন হয়রানির চেষ্টা করে। মেয়েটি তখন অটোরিকশা থেকে নেমে দৌড়ে রক্ষা পায়। অন্য লোকজনের সহায়তায় বাড়িতে পৌঁছে। 

এজাহারে আরও বলা হয়, পরদিন ক্ষোভে বিষপান করে ওই স্কুলছাত্রী। দ্রুত তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসার পর সোমবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় সোহেলসহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন মেয়েটির বড় ভাই।

হাসপাতালের আবাসিক চিকিৎসক রেজওয়ানুল্লাহ বলেন, ‘বিষপান করায় ওই স্কুলছাত্রীক হাসপাতালে আনা হয়েছিল। পরে জানতে পারি ধর্ষণের শিকার হয়েছে। চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়েছে।' মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, 'স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।' 

আরও পড়ুন

×