ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

দিরাইয়ের মজলিশপুরে রাত নামলেই ‘চোর আতঙ্ক’

দিরাইয়ের মজলিশপুরে রাত নামলেই ‘চোর আতঙ্ক’
×

 সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:১৮

| প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জের দিরাই পৌরসভার মজলিশপুরে চোরের আতঙ্কে রাত কাটাচ্ছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, গত ৬ থেকে ১৩ সেপ্টেম্বর মজলিশপুরের বিভিন্ন এলাকায় অন্তত ১০টি চুরি ও চুরির চেষ্টার ঘটনা ঘটেছে।

মজলিশপুরের সাম্প্রতিক ঘটনাগুলোতে একটি বিষয় বিশেষভাবে চোখে পড়ছে– বাড়ির টিনের চাল কেটে প্রবেশের প্রবণতা। চোরের হাত থেকে নিরাপত্তা ব্যবস্থাও রক্ষা পাচ্ছে না। মজলিশপুরের আরামবাগ এলাকার আদনান আহমেদ জানান, তাদের বাসার বাইরের সিসিটিভি ক্যামেরাও চোরেরা নিয়ে গেছে।
এলাকাবাসীর অভিযোগ, চুরি হলেও অনেক ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান না। হয়রানির আশঙ্কা এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের বিষয়ে অনিশ্চয়তার কারণে অনেকে থানায় জানাতে আগ্রহী নয়।

৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নানু মিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হরিপদ দেবনাথ বলেন, সারা বছর এলাকায় কম-বেশি চুরি হয়, তবে সাম্প্রতিক সময়ে চোরের উপদ্রব বেড়েছে। এলাকায় পুলিশের রাতের টহল আরও দৃশ্যমান করা দরকার।

মজলিশপুর গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান বলেন, প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এর কোনো বিকল্প সমাধান আছে বলে মনে হয় না।
দিরাই পৌরসভার সাবেক প্রকৌশলী আশীষ তালুকদার বলেন, আমার মনে হয়, এত চুরি আর কোথাও নেই। দিরাই পৌরসভার মতো জায়গায় এমন পরিস্থিতি খুবই উদ্বেগজনক।
স্থানীয়দের দাবি, চোর চক্রের সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে রাতের পুলিশের টহল বাড়ানো, সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
সুনামগঞ্জ-২ আসনের এমপি নাছির চৌধুরীর একান্ত সচিব রুদ্র মিজান বলেন, সংসদ সদস্যের পক্ষ থেকে প্রশাসনকে এলাকায় টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি চিহ্নিত চোরদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সাধারণ মানুষ যেন কোনোভাবে চুরি-ডাকাতির শিকার না হন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মজলিশপুর ও আরামবাগ এলাকায় ভোর পর্যন্ত পুলিশের টহল থাকে। চোর চক্রকে ধরতে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন

×