ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফুটপাতের গোলাপীকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

ফুটপাতের গোলাপীকে প্রধানমন্ত্রীর উপহারের  ঘর হস্তান্তর
×

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার দেওয়া নতুন বাড়িতে উঠেছেন রাজধানীর শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপী বেগম। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে বাড়িটি হস্তান্তর করা হয় সমকাল

 নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৬

| প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার দেওয়া নতুন বাড়িতে উঠেছেন রাজধানীর শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপী বেগম। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর 
গ্রামে আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে বাড়িটি হস্তান্তর করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গোলাপী বেগমের হাতে নতুন ঘরের চাবি ও প্রয়োজনীয় কাগজ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, ‘আমরা একটা ভঙ্গুর দেশ পেয়েছি। লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশের বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি খাত দেখিয়ে লাখ লাখ কোটি টাকা বিদেশি ঋণ করে লুটে নিয়ে বিদেশে পাচার করা হয়েছে। লুটপাটের টাকা খাওয়ার দিন শেষ। এখন বাংলাদেশে এলে শেখ হাসিনার বিচার হবে।’
মন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকার ওই পথেই হেঁটেছে। দেশের কোনো উন্নয়ন কাজ করেনি। আমরা কাজ শুরু করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এমন মানবিক নেতা বিশ্বের কোথাও পাবেন না। তিনি একটি ক্লিন ও সুন্দর বাংলাদেশ গঠন করতে চান। তাই তিনি তাঁর নেতাকর্মীদের নিজ নিজ এলাকার সমস্যা সমাধান ও মানবিক কাজে সম্পৃক্ত হতে বলেন।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের এমপি ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। 

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ২০২৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের এক সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে বসবাসকারী গোলাপী বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর পর গোলাপী বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রায় এক বছর তাঁর চিকিৎসার পাশাপাশি ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থাও করা হয়। 

আরও পড়ুন

×