ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এখন স্লোগান হোক– সবার জন্য বাংলাদেশ

মতবিনিময় সভায় শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

এখন স্লোগান হোক– সবার  জন্য বাংলাদেশ
×

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২২

| প্রিন্ট সংস্করণ

নির্বাচনের আগে স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ, আর এখন সেই স্লোগান হোক, সবার জন্য বাংলাদেশ– এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রতিহিংসার পরিবর্তে দায়িত্বশীলতা, সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে জনগণের কল্যাণকে প্রাধান্য দিতে হবে। জনগণের অধিকার, মর্যাদা ও ন্যায্য সুযোগ নিশ্চিত করা নতুন বাংলাদেশের রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত।

গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির নসিমন ভবন কার্যালয় প্রাঙ্গণে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম ও কঠিন, প্রতিকূল পরিবেশের চিত্র তুলে ধরেন। এ সময় তিনি দলের নেতাকর্মীদের যেন কোনো ধরনের উস্কানিতে পা না দেওয়ার পরামর্শ দেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এখন গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখতে প্রতিহিংসা, সংঘাত ও উস্কানির রাজনীতি পরিহার করে দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যেতে হবে। দীর্ঘ ১৭ বছরে ফ্যাসিবাদীরা আমাদের সঙ্গে যেভাবে মোকাবিলা করেছে, আমরা তাদের সঙ্গে সেভাবে মোকাবিলা করতে চাই না। রাজনীতি প্রতিহিংসার রাজনীতি নয়, বরং রাজনৈতিকভাবেই সব ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টার মোকাবিলা করতে চাই। 
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল প্রমুখ। 

আরও পড়ুন

×