সরকার ও প্রশাসনের একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনে ইন্ধন দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার
ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার। ছবি: সমকাল
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:০৭
সরকারের অভ্যন্তরের একটি অংশ এবং প্রশাসনে থাকা আওয়ামী লীগের সহযোগীরা দলটিকে দেশে ফিরিয়ে এনে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘দিল্লির সঙ্গে সরকারের একটি অভ্যন্তরীণ কানেকশন আছে-কীভাবে আওয়ামী লীগের একটি ইনক্লুসিভ রিফাইন বানিয়ে বাংলাদেশের রাজনীতিতে তাদের আবির্ভাব ঘটানো যায়। এর জন্য সরকার, সরকারের ইন্টেলিজেন্স দায়ী।’
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এসব সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে। চলমান সংকট নিরসনে বিরোধী দল নিজ খরচে বিশেষজ্ঞ নিয়োগ করে তাদের পরামর্শ ও মতামত সরকারের কাছে প্রস্তাব আকারে দিয়েছে। তবে সরকার এসব প্রস্তাবে কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতসহ বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়। কিন্তু সরকার শুধু বিরোধিতার স্বার্থে বিরোধী দলের বিরোধিতা করছে।
সংসদে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা সরকারকে সহযোগিতা করছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দলে যাওয়ার পর বিভিন্ন সময়ে বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারকে অন্তত ৩৮টি প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই এসব প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত জামায়াতসহ বিরোধী দলের কোনো প্রস্তাব সরকার গ্রহণ করেনি। বিরোধী দল অসহযোগিতা করছে বলে সরকারের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে, তা ‘হাস্যকর’।
বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি বলব, বিএনপি অকৃতজ্ঞ। তার দাবি, ২০০১ সালের নির্বাচনের পর আধিপত্যবাদী শক্তিকে ঠেকাতে দেশের কল্যাণের স্বার্থে পাঁচ বছর বিএনপিকে সমর্থন করেছিল জামায়াত। এর আগে ১৯৯১ সালেও বিএনপি সরকার গঠন করলে জামায়াত তাদের সহযোগিতা ও সমর্থন দিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি সরকার গঠনের পর জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় আমিরকে কারাগারে পাঠিয়েছিল। ঢাকা, রাজশাহী ও খুলনায় জামায়াতের কর্মীদের হত্যা করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে শিবিরের নেতা-কর্মীদের হত্যার অভিযোগও তোলেন তিনি।
তিনি বলেন, জামায়াত বারবার বিএনপিকে সহযোগিতা করতে চেয়েছে। এখনো বিএনপি বিরোধিতার স্বার্থে জামায়াতের বিরোধিতা করছে বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি ‘নেই কাজ তো খই ভাজ’ প্রবাদটি উল্লেখ করেন।
এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মিয়া গোলাম পরওয়ার।
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- আওয়ামী লীগ
- মিয়া গোলাম পরওয়ার
- বিএনপি