ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, আটক ২

লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, আটক ২
×

ছবি: সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ০১:০৭

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে রবিন হোসেন নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় এমভি মুকবিল-২ লঞ্চের মাস্টার ও গিজারম্যানকে আটক করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটে এই ঘটনা ঘটে।

নিখোঁজ রবিন হোসেনের বাড়ি শরীয়তপুরের নড়িয়া এলাকায়। তিনি নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তরে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী এমভি মুকবিল-২ ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামায়। এ সময় লঞ্চ থেকে নেমে নিজের ব্যাগ লঞ্চে রয়ে গেছে মনে পড়ে আবার লঞ্চে ওঠেন রবিন। ব্যাগ নিয়ে দ্বিতীয়বার নামার সময় লঞ্চটি হঠাৎ পেছনের দিকে চালিয়ে দেওয়া হয়। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজের পর থেকে বেলতলী ও মোহনপুর নৌ পুলিশ এবং মতলব উত্তর থানার পুলিশ সদস্যরা স্থানীয়দের নিয়ে মেঘনা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন জানান, ঘটনার পরপরই লঞ্চটি মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চসহ মাস্টার মনির হোসেন ও গিজারম্যান সুমন মিয়াকে আটক করে।

বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। তবে গতকাল রাতে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন

×