ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ওসমানী বিমানবন্দরে আনসারের শটগানের গুলিতে পরিচ্ছন্নতাকর্মী আহত

ওসমানী বিমানবন্দরে আনসারের শটগানের গুলিতে পরিচ্ছন্নতাকর্মী আহত
×

শটগানের গুলিতে আহত পরিচ্ছন্নতাকর্মী। ছবি: ফাইল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০২ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১৩

সিলেট এমএজি ওসমানী আর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে গিয়ে আনসার সদস্যের শটগানের গুলিতে আহত হয়েছেন এক পরিচ্ছন্নতাকর্মী। আজ শনিবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে এলাকায় এ ঘটনা ঘটে। আহত পরিচ্ছন্নতাকর্মীর নাম রুবেল আহমদ। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

বিমানবন্দর সূত্র জানায়, সকালে একটি গাড়িতে করে রানওয়ে এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন আনসার সদস্য মোজাম্মেল। টহল চলাকালে বিমানবন্দরে পাখির বিচরণ লক্ষ্য করে তা তাড়ানোর জন্য নিজের কাছে থাকা শটগান দিয়ে গুলি ছোড়েন তিনি। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা কর্মরত পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমদের কোমরে গিয়ে লাগে। এতে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, বিমানবন্দরে পাখি তাড়ানোর জন্য গাড়ি থেকে নেমে নিরাপত্তাবেষ্টনী মেনে গুলি ছোড়ার বাধ্যবাধকতা রয়েছে। আনসার সদস্য মোজাম্মেল নিয়ম না মেনে গাড়িতে বসেই গুলি ছোড়েন। অসাবধানতাবশত এমন নিয়ম লঙ্ঘনের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানায় ওই সূত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, দুর্ঘটনাবশত ঘটেছে এ ঘটনা। আহত পরিচ্ছন্নতাকর্মী হাসপাতালে চিকিৎসাধীন।

পরিচালক আরও জানান, পাখি তাড়ানোর নির্ধারিত প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি বা নিয়ম লঙ্ঘনের ব্যত্যয় ঘটেছে কি না তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারও অবহেলা প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×