ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ১

বন্দরে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ১
×

প্রতীকী ছবি

‎নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫২

নারায়ণগঞ্জ বন্দরে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধারালো ছুড়িসহ নিজাম (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ‎শনিবার দুপুরে বন্দর থানার সোনাচড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আর দুইজনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার নিজাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সোনাচড়া এলাকার ফজলু মিয়ার ছেলে। এর আগে, গতকাল শুক্রবার দুপুরে সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারের দেবাশীষ ঢালীর দোকানে এ ডাকাতি হয়।

‎ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একজন নারী ক্রেতা তখন স্বর্ণের দোকানে উপস্থিত ছিলেন। ১০-১২ জন ডাকাত হাতে লম্বা ধারালো চাপাতিসহ স্বর্ণের দোকানে প্রবেশ করে। তারা ওই নারীর কাছ থেকে তার স্বর্ণালংকার লুট করে নেয়। দোকান মালিকের সিন্দুক থেকেও টাকা, স্বর্ণ, রুপার অলংকার নিয়ে নেয়। এ সময় তারা দোকান মালিককে মারধর করে।

দোকান মালিক দেবাশীষ ঢালি জানান, এ ঘটনায় মোট চার ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা, ১০০ ভরি রুপা ও দুইটি স্মার্ট মোবাইল সেট ছিনিয়ে নেওয়া হয়।

‎এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অপরাধে ধারালো অস্ত্রসহ নিজাম উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

ওসি জামাল উদ্দিন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজাম ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান চলছে। এছাড়াও নিজাম তার সঙ্গীদের নাম পরিচয় প্রকাশ করেন।

আরও পড়ুন

×