বরিশালে গোপন সভা থেকে নিষিদ্ধ আ.লীগের ১২ জন গ্রেপ্তার
আটক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৯
বরিশাল নগরীতে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পূর্বপাশের গলির একটি ভবন থেকে আজ শনিবার তাদের আটক করা হয়। পুলিশ বলছে, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন তারা।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথ জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালানো হয়। তারা সবাই কার্যত্রম নিষিদ্ধ আওয়ামী বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। তবে গ্রেপ্তারকৃতের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
জানা গেছে, ওই গলির বাসিন্দা ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিংকু দাস ও যুবলীগ কর্মী সুমন রয়েছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে।
কোতোয়ালী থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। তারমধ্যে আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতা রয়েছেন। গ্রেপ্তারের পর তারা জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতি হিসেবে সভা করছিলেন। তবে পুলিশের ধারণা, তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদের মোবাইলের কথোপকথন যাচাইবাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- বরিশাল
- আওয়ামী লীগ
- গ্রেপ্তার