চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০
আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। ছবি: সমকাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১০:২১
চাঁদপুরের সব থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। রোববার রাত সাড়ে ১০টা পর্যন্ত একদিনের এ অভিযানে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে চাঁদপুর পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, কিশোর গ্যাং, উঠতি বয়সী কিশোরদের অপরাধপ্রবণতা এবং জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কর্মকাণ্ড প্রতিরোধে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশক্রমে এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার সব থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে অভিযানটি চালানো হয়।
অভিযানে চাঁদপুর সদর থেকে ৩৫ জন, হাইমচর থেকে ৪৮, ফরিদগঞ্জ থেকে ৪১, হাজীগঞ্জ থেকে ৩৭, কচুয়া থেকে ৬২, শাহরাস্তি থেকে ৪৫, মতলব উত্তর থেকে ৫২ এবং মতলব দক্ষিণ থেকে ৩৬ জনকে আটক করা হয়। এ ছাড়া ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্টতা বা অন্যান্য অপরাধে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তাদের অভিভাবকদের ডেকে সন্তানের সার্বিক খোঁজখবর রাখা, নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং ভবিষ্যতে যাতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে-সে বিষয়ে সচেতন করা হচ্ছে। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
চাঁদপুর জেলা পুলিশ উঠতি বয়সী কিশোরদের সঠিকভাবে পরিচালনা, কিশোর অপরাধ প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, কিশোর অপরাধ প্রতিরোধ, জনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
- বিষয় :
- চাঁদপুর
- কিশোর গ্যাং
- অভিযান পরিচালনা