ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

এক দিনের ব্যবধানে আবহাওয়ার চিত্র বদল, বিভিন্ন স্থানে বৃষ্টি

এক দিনের ব্যবধানে আবহাওয়ার চিত্র বদল, বিভিন্ন স্থানে বৃষ্টি
×

ছবি: ফাইল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৩

দেশের ১২ জেলার ওপর দিয়ে এক দিন আগেও মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। রাজধানীতেও ছিল ভ্যাপসা গরম। এর মধ্যেই বদলে গেছে আবহাওয়ার চিত্র। গত শনিবার রাত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের পড়তে হয়েছে দুর্ভোগে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে; ৮২ মিলিমিটার।

ভোরের দিকে রাজধানীতে বৃষ্টি বাড়তে থাকে। টানা বৃষ্টিতে তেজগাঁও, মগবাজার, গ্রিন রোড, নিউমার্কেট, ধানমন্ডি ২৭ নম্বর, পান্থপথ, আগারগাঁও, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর, আজিমপুর ও নটর ডেম কলেজের আশপাশের বিভিন্ন সড়কে পানি জমে যায়। কোথাও কোথাও সড়কে হাঁটুপানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। পথচারীদের পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায়। জলাবদ্ধ সড়কে রিকশা ও ছোট যানবাহন চলাচলেও সমস্যা হয়। এতে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। 

বৃষ্টির কারণে কোথাও কোথাও সড়কে যানবাহনের গতি কমে যায়। কয়েকটি এলাকায় সড়কের ওপর গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। আরামবাগের নটর ডেম কলেজের সামনের সড়ক পানিতে ডুবে যাওয়ায় কর্তৃপক্ষ উচ্চ মাধ্যমিকের তাত্ত্বিক পরীক্ষা স্থগিত করে। 

আজিমপুর এলাকার বাসিন্দা ইসমাইল আলী বলেন, সামান্য বৃষ্টি হলে এই এলাকায় চলাফেরা কঠিন হয়ে যায়। নিউমার্কেটের সামনের রাস্তায় পানি জমে যায়।

পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা বাদল সূত্রধর বলেন, তাঁর দোকানের সামনের ইকবাল রোড সড়কটি প্রায় তিন মাস হলো কেটে রাখা হয়েছে। হেঁটে চলাচল করাই মুশকিল। বৃষ্টির পর থেকে অবস্থা আরও খারাপ।

এক দিনের ব্যবধানে আবহাওয়ার এমন পরিবর্তনের কারণ হিসেবে মৌসুমি বায়ুর হঠাৎ সক্রিয় হয়ে ওঠাকে দায়ী করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, মূল কারণ মৌসুমি বায়ুর সক্রিয় হয়ে যাওয়া। পূর্বাভাসে কিছু জায়গায় বৃষ্টির কথা বলা হয়েছিল। সেখানে প্রায় ৭০ শতাংশ এলাকায় বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগ বাদ দিয়ে উপকূলের বিভিন্ন এলাকায়ও বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির প্রভাব রাজধানীতেও এসেছে। এখন রাজশাহী ও রংপুরের দিকে বৃষ্টি হতে পারে।

এদিকে সাগরে ইতোমধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এর প্রভাবে চলতি সপ্তাহের শেষ দিকে ভারতের উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সেটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কাও পর্যবেক্ষণ করা হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরিচ্ছন্নতা কার্যক্রমে শিথিলতা, ডিএসসিসি প্রশাসকের অসন্তোষ

​জলাবদ্ধতা নিরসনে কর্মীদের আন্তরিকতার ঘাটতিতে অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। গতকাল বৃষ্টির পর দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ, পলাশী মোড়, নিউমার্কেটসহ জলাবদ্ধতাপ্রবণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমে শিথিলতা দেখে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।

আব্দুস সালাম বলেন, ফজরের সময় থেকেই কর্মীদের কাজে নামার নির্দেশ দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। বৃষ্টির কারণে স্বাভাবিক কাজ ব্যাহত হয়েছিল ঠিকই, তবে বৃষ্টি কমার পর কর্মীদের যে গতিতে কাজে নামার কথা ছিল, তাতে গাফিলতি দেখা গেছে।

​জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে নাগরিকদের অনিয়ন্ত্রিতভাবে ফেলা বর্জ্য ও অসচেতনতাকে দায়ী করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, রাস্তায় ফেলে দেওয়া পলিথিন, চায়ের কাপ ও প্লাস্টিকের বর্জ্য ড্রেনের মুখ বন্ধ করে দেয়। এতে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়।

আরও পড়ুন

×