শিশু হাসপাতালে সিন্ডিকেটের অভিযোগ তদন্ত করবে মানবাধিকার কমিশন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩ | ১২:৩০ | আপডেট: ১৪ আগস্ট ২০২৩ | ১২:৫৫
‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সেবা নিতে আসা মুমূর্ষু শিশুদের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে একটি সিন্ডিকেট। এ কাজের সঙ্গে হাসপাতালের কর্মকর্তা ও আনসার সদস্যরা জড়িত’। এমন অভিযোগ পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। সোমবার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শন করে সংস্থাটির চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, সিন্ডিকেটের বিষয়ে অভিযোগ পেয়েছি। কমিশনের পক্ষ থেকে তদন্ত করা হবে। পাশাপাশি এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরেও চিঠি দেওয়া হবে। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিশেষ করে ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন। রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, রাষ্ট্রীয় অর্থে এসব প্রতিষ্ঠান বানানো হচ্ছে। আর এসব প্রতিষ্ঠানে মুমূর্ষু শিশু রোগী ভর্তি করতে এসে অভিভাবকদের সিন্ডিকেটের খপ্পরে পড়তে হচ্ছে। শেষে মৃত সন্তান নিয়ে অভিভাবকদের বাড়ি ফিরতে হচ্ছে। রোগীদের এভাবে যারা কেনাবেচা করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জন্য হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের প্রতিও আহ্বান জানান তিনি।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ডেঙ্গু নিয়ে এখানে যে রোগীরা ভর্তি আছেন, তাদের স্বজনরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে যারা ভর্তি হতে পারছে না, বিশেষ করে যারা মুমূর্ষু শিশু, তাদের জন্য কোনোভাবে হাসপাতালে শয্যা বাড়িয়ে ভর্তি করার পরামর্শ দেন তিনি।
হাসপাতালটির পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালের ভেতরে কোনো সিন্ডিকেট সক্রিয় নেই। তবে হাসপাতালের গেটের বাইরে রোগীর স্বজনরা সিন্ডিকেটের খপ্পরে পড়ছেন। এই সিন্ডিকেট ভাঙতে সবাই যাতে তৎপর হয়, সেটাই তারা চান। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪ আগস্ট বেসরকারি চ্যানেল টোয়েন্টি ফোর-এর ‘সার্চলাইট’ নামের অনুসন্ধানমূলক অনুষ্ঠানে ‘মুমূর্ষু রোগী কেনাবেচা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এসেছে।