১৫ বছরে বাংলাদেশের উন্নয়ন প্রশংসনীয়: ব্রিটিশ হাইকমিশনার
জনমত কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন (মাঝে)— সমকাল
লন্ডন প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০১৯ | ১৬:৩৬
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চাটার্টন ডিকসন বলেছেন, গত ১৫ বছরে বাংলাদেশ প্রশংসনীয় উন্নয়ন করেছে। দেশটি নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। এক সময়ের প্রাকৃতিক দুর্যোগকবলিত দরিদ্র বাংলাদেশ এখন আর আগের অবস্থায় নেই।
গত বুধবার লন্ডন বাংলা প্রেস ক্লাব ও বাংলা সাপ্তাহিক জনমত কার্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে বাংলা গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে 'ডায়লগ উইথ জার্নালিস্ট' শীর্ষক মতবিনিময়ে অংশ নেওয়ার পর জনমত কার্যালয় পরিদর্শনে যান তিনি।
লন্ডন বাংলা প্রেস ক্লাব সভাপতি এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েরের পরিচালনায় মতবিনিময়ের শুরুতেই ব্রিটিশ হাই কমিশনারের পরিচিতি পাঠ করেন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য নাজমুল ইসলাম। উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মতিউর রহমান চৌধুরী, কমিউনিকেশন্স সেক্রেটারি আবদুল কাইয়ুম, ট্রেনিং সেক্রেটারি ইব্রাহিম খলিল, ইভেন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, নির্বাহী সদস্য আবদুল কাইয়ুম ও পলি রহমান। ডিকসনের সঙ্গে ছিলেন ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের বাংলাদেশ ডেস্কের কর্মকর্তা ডানিয়েল পাশা।
অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমি বাংলাদেশে যাওয়ার পর দেখেছি দেশটির আগের সেই চেহারা নেই। বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করে করেই উন্নতির দিকে এগোচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, ব্রিটেনের প্রতি বাংলাদেশের মানুষের হৃদয়ে আলাদা একটি টান আমি অনুভব করছি সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে। দু'দেশের দীর্ঘদিনের পারস্পরিক ঘনিষ্ট সম্পর্কের কারণেই হয়তো এটি হয়েছে। ব্রিটিশ অর্থনীতিতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির অবদানের কথাও স্মরণ করেন ডিকসন।
তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্রিটেন কোনো অনুরোধ পেয়েছে কি-না, এমন প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার।
ব্রিটিশ হাইকমিশনের ভিসা সার্ভিস দিল্লি থেকে আবার ঢাকায় ফিরিয়ে আনা হবে কি-না, এমন প্রশ্নের নেতিবাচক উত্তর দিয়ে ডিকসন বলেন, এটা হলে ভিসার খরচ বেড়ে যাবে।
জনমত কার্যালয় পরিদর্শনকালে সাপ্তাহিকটির প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা ও অনলাইন ভার্সন সম্পাদক মাহবুব রহমানসহ অন্যরা ডিকসনকে স্বাগত জানান।
- বিষয় :
- ব্রিটিশ হাইকমিশনার
- যুক্তরাজ্য