ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

এক দিনে হাসপাতালে ভর্তি ৫৩০ ডেঙ্গু রোগী

এক দিনে হাসপাতালে ভর্তি ৫৩০ ডেঙ্গু রোগী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ২২:৪১

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত ৫৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে রোগটিতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২১৪। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৯ জনের।

বিশেষজ্ঞদের আশঙ্কা, আগস্ট ও সেপ্টেম্বরজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, এমনকি অক্টোবর পর্যন্ত সংক্রমণের উচ্চহার অব্যাহত থাকার ঝুঁকিও রয়েছে। ইতোমধ্যে জুলাই মাসেই চলতি বছরের মোট ডেঙ্গু আক্রান্তের প্রায় ৫৯ শতাংশ এবং মৃত্যুর দুই-তৃতীয়াংশ ঘটেছে, যা সামনে বড় ধরনের প্রাদুর্ভাবের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৩, বরিশালে ৮৩, ঢাকা বিভাগে ৯৩, খুলনা বিভাগে ৮১, ময়মনসিংহে ৩৮, রাজশাহী বিভাগে ২৬, রংপুর বিভাগে ২২ জন এবং সিলেটে  তিন রয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩২১ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের মোট আক্রান্তের ৭৬ শতাংশই ঢাকার বাইরের। সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৪ শতাংশ। এর পর বরিশাল বিভাগে ২১ দশমিক ৪৯ শতাংশ, চট্টগ্রামে ১৭ দশমিক ৪৭ শতাংশ এবং খুলনায় ১২ দশমিক ৬৪ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন। এতে স্পষ্ট, ডেঙ্গু এখন সারাদেশের জনস্বাস্থ্যের বড় সংকটে পরিণত হয়েছে।

আরও পড়ুন

×