হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট মৃত্যু ১০৬৫
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৯
দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে হামের উপসর্গ ও হাম শনাক্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকার, অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে দেশে হামের পরিস্থিতির তথ্য প্রকাশ করে আসছে। সরকারি হিসাবে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৬৪ জনের মৃত্যু হয়েছে।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে– ৪৩৩ জনের। এরপর সিলেট বিভাগে ১৬৯, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৬, বরিশালে ৬০, খুলনায় ৪১ ও রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে এক হাজার ২৫৭ জন এসেছে। তাদের মধ্যে এক হাজার ১৭৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৬৫, চট্টগ্রামে ২৫০, সিলেটে ১৬৮, বরিশালে ১২৩, খুলনায় ১২৩, ময়মনসিংহে ৭৫, রাজশাহীতে ২৭ ও রংপুরে ১৫ জন ভর্তি হয়েছে।
এ নিয়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৯৮০। এর মধ্যে ১ লাখ ৫৪ হাজার ৫১০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৮২ হাজার ৯২। এর মধ্যে ২০ হাজার ৭৩৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে হাসপাতালে আসা সব রোগী এবং হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা করা হয় না। ফলে দেশে হাম শনাক্ত রোগীর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে।
- বিষয় :
- হামের উপসর্গ
- হাম