ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মোটরসাইকেলে এসে পথচারীকে গুলি করে হত্যা

ফরিদপুরে তিন বস্তায় মিলল মরদেহের ছয় টুকরো

মোটরসাইকেলে এসে পথচারীকে গুলি করে হত্যা
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:২৩

| প্রিন্ট সংস্করণ

খুলনায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজধানীর লালবাগে এক আইনজীবী, আদাবরে এক তরুণী এবং জাতীয় ঈদগাহের পাশ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দিনাজপুরের বিরামপুরে রাতে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ পরদিন সকালে পাওয়া গেছে জয়পুরহাটের পাঁচবিবিতে। ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় মরদেহের ছয় টুকরো এবং নোয়াখালীর কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

খুলনায় সড়কে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে জলিল মুন্সি (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার নগরীর দৌলতপুর থানার কুলিরবাগান বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। জলিল ওই এলাকার দিলুর মুন্সির ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জলিল মুন্সি সকালে খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তাঁর বুকের ডান পাশে এবং আরেকটি পিঠের বাঁ পাশে বিদ্ধ হয়। আশপাশের মানুষ তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তিনি মারা যান।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। জলিলের বিরুদ্ধে থানায় মাদক মামলা ছিল। মাদকসংক্রান্ত বিরোধে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

মহানগর পুলিশের উপকমিশনার সুদর্শন কুমার রায় বলেন, ঘটনাস্থলে উপস্থিত দুজনের নাম পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছর নগরীতে ৩০টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে মাত্র তিনটির তদন্ত শেষ করেছে পুলিশ।

রাজধানীর লালবাগে বাসায় আইনজীবীর মরদেহ
রাজধানীর লালবাগে নিজ বাসা থেকে আনোয়ার হোসেন (৪৭) নামের এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল ‎শনিবার শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, আনোয়ারের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁও। তিনি ঢাকা জজকোর্টের আইনজীবী ছিলেন। তবে ২০১২ সালের পর থেকে আইন পেশায় অনিয়মিত ছিলেন। বাসাটির একটি কক্ষে তিনি একা থাকতেন। এর পাশেই কোচিং সেন্টার। সেটি শুক্রবার বন্ধ ছিল। গতকাল সকালে শিক্ষার্থীরা সেখানে দুর্গন্ধ পায়। এর উৎস খুঁজতে গিয়ে পাশের কক্ষের দরজা ধাক্কা দিতেই খুলে যায়। এ সময় ভেতরে আনোয়ারের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। 
‎লালবাগ থানার ওসি মোহাম্মদ জামিল হোসেন সমকালকে বলেন, ধারণা করা হচ্ছে, দুদিন আগে স্ট্রোক করে আইনজীবীর মৃত্যু হয়েছে। তাঁর ঘর থেকে একটি ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। 

আদাবরে কিশোরীর খণ্ডিত মরদেহ উদ্ধার
রাজধানীর আদাবর থেকে এক কিশোরীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে আদাবর ১০ নম্বরের হাক্কারপাড় খাল থেকে মরদেহের চারটি টুকরো উদ্ধার করা হয়। শরীর থেকে বিচ্ছিন্ন পা দুটি পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে আদাবর হাক্কারপাড় খালের পানিতে একটি ট্রাভেল ব্যাগ ভাসছিল। স্থানীয় লোকজন ব্যাগটি দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ব্যাগটি পানি থেকে তুলে সেটি খুলে খণ্ডিত মরদেহ দেখতে পায়। দুই হাত, মাথা এবং শরীর আলাদা করা ছিল। পা দুটি পাওয়া যায়নি। কিশোরীর পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট আঙুলের ছাপ সংগ্রহ করে।

আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, খণ্ডিত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। 

এদিকে, জাতীয় ঈদগাহের পাশের ফুটপাত থেকে গতকাল শনিবার দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় শনাক্ত হয়নি। পুলিশ জানায়, সকাল ১০টার দিকে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের পাশে অজ্ঞাতনামা এক পুরুষ অচেতন অবস্থায় পড়ে ছিল। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পৌনে এক ঘণ্টা পর জাতীয় ঈদগাহের পাশে পানির পাম্পসংলগ্ন ফুটপাতে আরেক ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

রাতে নিখোঁজ, সকালে মিলল মরদেহ 
দিনাজপুরের বিরামপুর থেকে শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তমেজুল ইসলাম (৪৬)। গতকাল শনিবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার একটি আখক্ষেতে মিলল তাঁর মরদেহ। তমেজুল ইসলাম পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের বাসিন্দা ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোকলেছুর রহমান।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট এলাকায় শ্বশুরবাড়িতে স্ত্রীকে রেখে তমেজুল মোটরসাইকেল নিয়ে রাত ৯টার দিকে নিজ বাড়ি আটুল গ্রামের উদ্দেশে রওনা দেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে বীরনগর এলাকার একটি আখক্ষেতে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দিলে তারা গিয়ে মরদেহ শনাক্ত করেন।  

মধুখালীতে তিন বস্তায় মরদেহের ছয় টুকরো
ফরিদপুরের মধুখালী উপজেলায় ধানক্ষেতের পাশ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভরা অজ্ঞাতনামা পুরুষের মরদেহের ছয় টুকরো উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ দূরে ফরিদপুরগামী সড়কের পাশে ধানক্ষেতে তিনটি মুখবাঁধা প্লাস্টিকের বস্তা দেখতে পান পথচারীরা। সন্দেহ হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে বস্তা তিনটির মুখ খুলে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ পায়।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হলে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিউটি আক্তার (৩৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পশ্চিম রাজুরগাঁও গ্রামে স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিউটি আক্তার ওই গ্রামের মাহবুবুল হকের স্ত্রী ও নরোত্তমপুর ইউনিয়নের নুর সোনাপুর গ্রামের মৃত আবদুল মালেকের মেয়ে। নিহতের ছোট ভাই মো. সুরুজের দাবি, তাঁর বোনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে মাহবুবুল হক পলাতক রয়েছেন। 

কবিরহাট থানার এসআই (নিরস্ত্র) মো. শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। (সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর)

আরও পড়ুন

×