ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ২
×

 সিলেট ব্যুরো ও মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১১

| প্রিন্ট সংস্করণ

সামাজিক মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে মেহেরপুর ও সিলেটে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানা পুলিশ। দুজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মেহেরপুরে গ্রেপ্তার তরুণের নাম সঞ্জয় কুমার দাস। তিনি সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরণ কুমার দাসের ছেলে। শুক্রবার রাতে মেহেরপুর শহরের গড়পুকুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এদিন রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন সঞ্জয়। ভিডিওতে ঘন ঘন লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালাগাল ও কটূক্তি করতে দেখা যায় তাঁকে। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, সঞ্জয়ের বিরুদ্ধে আগে থেকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

সিলেটে তরুণ গ্রেপ্তার
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে সিলেটে গ্রেপ্তার তরুণের নাম মেহেদী আহমেদ। শুক্রবার রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নোয়াগাঁও সাদিপুর এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করে। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মেহেদী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী। সম্প্রতি নগরীতে ছাত্রলীগের বিভিন্ন মিছিলে তাঁর সম্পৃক্ততা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী দীর্ঘদিন ধরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অশালীন ও আপত্তিকর পোস্ট দিয়ে আসছিলেন। কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির বলেন, মেহেদীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সম্পৃক্ততাসহ একাধিক অভিযোগ রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গত ছয় মাসে কয়েকজনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীর এবং গাজীপুরের তরুণ সিফাত আব্দুল্লাহ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর আওতায় ২ আগস্ট তানভীরের বিরুদ্ধে মামলা করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। ৪ আগস্ট রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ৯ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ১৫ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।
বিদ্যুতের বাড়তি বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে ভিডিও আপলোডের পর ৩ সেপ্টেম্বর সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বর্তমানে তিনি কারাগারে। এদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে আনোয়ার হোসেন নামে জাতীয় শ্রমিক শক্তির এক নেতাকে গত মে মাসে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

×