ময়মনসিংহে ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী
সমকাল ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১২
| প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নির্যাতনের শিকার এক তরুণী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৮ বছর বয়সী প্রতিবেশীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রাতে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে ছাত্রীটিকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন সময় প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন অভিযুক্ত ব্যক্তি। গত বৃহস্পতিবার দুপুরে বাড়িতে একা ছিল ওই ছাত্রী। তখন তার মা নানার বাড়িতে অবস্থান করছিলেন। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে ছাত্রীকে ধর্ষণ করেন এবং ঘটনা কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেন। পরে ভুক্তভোগী বিষয়টি তার মা-বাবাকে জানায়।
নির্যাতনের শিকার তরুণীর হাসপাতালে মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নির্যাতনের শিকার এক তরুণী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। পরিবারের অভিযোগ, ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছিলেন।
পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় তরুণীটি তাঁর চাচার বিয়ে উপলক্ষে কেনাকাটা ও রূপচর্চার জন্য পার্লারে যান। সেখান থেকে বের হয়ে রাসেল নামের এক ব্যক্তির মোটরসাইকেলে চড়েন। কিছুক্ষণ পর পাশের বিলে তরুণীকে পড়ে থাকতে দেখেন আশপাশের মানুষ। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবারের অভিযোগ, ঘটনার সঙ্গে তরুণীর সাবেক স্বামী আবু বক্করসহ দুই-তিনজন জড়িত। বক্করের সঙ্গে তরুণীর তিন মাস আগে ডিভোর্স হয়েছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান জানান, ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে সড়ক দুর্ঘটনা ও বমির কারণ উল্লেখ করে ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।
ভেড়ামারা থানার উপপরিদর্শক মইনুল ইসলাম জানান, ১৭ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাবেক স্বামী আবু বক্কর, রাসেলসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে থানায় অভযোগ দেন। এজাহারে পূর্বশত্রুতার জেরে মারামারির কথা উল্লেখ করা হয়েছে। এসপি আমিনুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগীর মা ও নানি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ভুক্তভোগী তাদের বলেছিলেন, তিন-চারজন তাঁকে ধর্ষণ করেছে। অন্যদিকে মেয়ের বাবা থানায় পূর্বশত্রুতার অভিযোগে মারার বিষয় উল্লেখ করেছেন। বিষয়টি আমরা যাচাই করার চেষ্টা করছি।
(প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো তথ্য)
- বিষয় :
- ধর্ষণের শিকার