ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে পুলিশ বক্সের সামনে পড়ে ছিল যুবকের মরদেহ

গাজীপুরে পুলিশ বক্সের সামনে  পড়ে ছিল যুবকের মরদেহ
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৩

| প্রিন্ট সংস্করণ

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা পুলিশ বক্সের সামনে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সোয়া ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ছাড়া দেশের সাত জেলায় স্কুলছাত্র, সাবেক আনসার সদস্যসহ আরও ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গাজীপুরে নিহত সৈকত (২৩) চাঁদপুরের শাহরাস্তি থানার বেড়নাইয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মহানগরীর বাসন থানার ওসি হারুন অর রশিদ জানান, গতকাল সকাল সোয়া ৭টার দিকে কে বা কারা পুলিশ বক্সের সামনের বারান্দায় লাশটি রেখে যায়। 

পরে জানা যায়, গতকাল সকাল ৬টার দিকে কড্ডা ব্রিজের কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে সৈকতকে চান্দনা চৌরাস্তা পুলিশ বক্সের সামনের বারান্দায় রেখে পালিয়ে যান অটোরিকশাচালক। তখন পুলিশ বক্সে কোনো পুলিশ ছিলেন না। রাস্তায় দায়িত্ব পালন করছিলেন তারা। 
মহানগরীর কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ীগামী বালুভর্তি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি মিনি কাভার্ডভ্যান। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা চালক সৈকত ও তাঁর সহকারী জানে আলমকে (৩১) উদ্ধার করে আলাদা অটোরিকশায় হাসপাতালে পাঠিয়ে দেন। 

নববধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক 
গাজীপুরে পুবাইলে বিয়ের দুই মাসের মাথায় নাদিয়াতুন জান্নাত স্নিগ্ধা (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সকালে পুবাইল থানার তালটিয়া এলাকার একটি বাসার ছাদের কক্ষ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী মারুফ আহমেদ পলাতক। স্নিগ্ধা পুবাইলের সাতানীপাড়া এলাকার আফসার উদ্দিনের মেয়ে। 

বুড়িগঙ্গা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার
ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল দুপুরে নদীতে লাশ দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। 
গতকাল দুপুর ১২টার দিকে বেপারিঘাট বরাবর মাঝনদী থেকে বিবস্ত্র অবস্থায় এক অজ্ঞাত (৪০) ব্যক্তির মরদেহ উদ্ধার করে বরিশুর নৌ পুলিশ। অন্যদিকে, নদীর দোলেশ্বর খেয়াঘাটের কাছ থেকে এক ব্যক্তির মরদেহ (২৮) উদ্ধার করে হাসনাবাদ নৌ পুলিশ। 

নিউমার্কেট কাঁচাবাজারের সিঁড়িতে নারীর মরদেহ
ঢাকার নিউমার্কেটে বনলতা কাঁচাবাজারের সিঁড়ি থেকে নাম না জানা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১২টার দিকে আনুমানিক ৪৬ বছরের  ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি ওই এলাকাতেই থাকতেন। 

গোপালগঞ্জে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ 
লেখাপড়ার চাপ সইতে না পেরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মা-বাবার উদ্দেশে চিরকুট লিখে শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার উপজেলার উনিশিয়া গ্রাম থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শরিফা উনিশিয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে। 

ভালুকায় স্কুলছাত্রের লাশ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে নিখোঁজের ২৮ ঘণ্টা পর তানভীর ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার নেওরা নদীর ইন্তারঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত তানভীর উপজেলার কাতলামারী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে এবং কাতলামারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

চুয়াডাঙ্গায় নদী থেকে লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে মায়েজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে শহরের মাথাভাঙ্গা ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত মায়েজ উদ্দিন ঢাকার লালবাগের রসুলবাগ এলাকার শামসুদ্দিনের ছেলে।

পুকুরে সাবেক আনসার সদস্যের লাশ
নাটোরের বাগাতিপাড়ায় পুকুর থেকে আনসার-ভিডিপির সাবেক সদস্য শাহজাহান আলীর (৫৩) লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। গতকাল সকালে উপজেলার সদর ইউনিয়নের কোয়ালিপাড়া এলাকায় আব্দুল খালেকের পুকুরে এ ঘটনা ঘটে। মৃত শাহজাহান আলী চককোয়ালিপাড়া গ্রামের নাদের আলীর ছেলে। 

নিখোঁজের চার দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার
চাঁদপুরের মতলবে নিখোঁজের চার দিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে মতলব পৌরসভার উত্তর বাইশপুর এলাকায় ধনাগোদা নদীর পূর্ব পারের একটি ফসলি জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিকাবি উপজেলার চরমুকুন্দি এলাকার মৃত আমির আলী সওদাগরের স্ত্রী। 

রাউজানে দোকানে ব্যবসায়ীর আত্মহত্যা 
চট্টগ্রামের রাউজানে নিজ দোকানের ভেতর ফাঁস দিয়ে নিরু বড়ুয়া (৪৫) নামে সার ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। গতকাল বিকেলে উরকিরচর ইউনিয়নের কেরানীরহাটে এ ঘটনা ঘটে। নিরু আবুরখীল গ্রামের ভবতোষ বড়ুয়ার ছেলে। ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। 
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি) 

আরও পড়ুন

×