ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুলের বিষয়ে সংসদ থেকে কোনো চিঠি আসেনি: ইসি সচিব

গাজী নজরুলের বিষয়ে সংসদ থেকে কোনো চিঠি আসেনি: ইসি সচিব
×

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪৯ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৫৫

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদ থেকে নির্বাচন কমিশনে (ইসি) এখনও কোনো চিঠি আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, চিঠি এলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে ইসি সচিব এসব কথা বলেন। তিনি বলেন, গাজী নজরুল ইসলামের বিষয়ে জামায়াতে ইসলামী ইসিতে চিঠি দিয়েছিল। কিন্তু আইন অনুযায়ী সংসদ থেকে কোনো চিঠি না এলে ইসির ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) রোববার আত্মহত্যা করলে বিষয়টি নিয়ে আবারও আলোচনার সৃষ্টি হয়। এর আগে ওই স্ত্রীর সঙ্গে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সম্প্রতি জামায়াত তাঁকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে তাঁর সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দেয় দলটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আইন অনুযায়ী রাজনৈতিক দল থেকে স্পিকারের কাছে উত্থাপিত বিরোধ স্পিকার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে পাঠালে কমিশন শুনানি শেষে ব্যবস্থা গ্রহণ করে। স্পিকারের কাছে উত্থাপিত সেই বিরোধ নিষ্পত্তির জন্য কোনো চিঠি এখনও ইসির কাছে এসে পৌঁছায়নি।
 

আরও পড়ুন

×